অধ্যায়-৯বস্তুর উপর তাপের প্রভাবপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় ‘বস্তুর উপর তাপের প্রভাব’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ) শীতপ্রধান দেশে জলজ জীবদের ওপর পানির ব্যতিক্রমী প্রসারণের প্রভাব উদ্দীপকের আলোকে উল্লেখ করো।উত্তর: গ) শীতপ্রধান দেশে জলজ জীবদের ওপর পানির ব্যতিক্রমী প্রসারণের প্রভাব: পানির ব্যতিক্রমী প্রসারণ অনুযায়ী 4°c তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। তাপমাত্রা এর চেয়ে কমানো বা বাড়ানো হলে পানির আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়। শীতপ্রধান দেশে অধিকাংশ সময়ে তাপমাত্রা যথেষ্ট না থাকায় তুষারপাত হয় এবং ছোট পুকুর, জলাশয় এমনকি নদীর উপরপৃষ্ঠে বরফ জমতে দেখা যায়। এসব জলাশয়ের ওপর বরফ জমলেও জলাশয়ের তলদেশের পানি বরফে রূপান্তরিত হয় না। ফলে জলাশয়ে বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণী স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে বেঁচে থাকে। এমনকি জলজ উদ্ভিদেরও অক্সিজেন সংগ্রহে কোনো সমস্যা হয় না। স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করলেও এসব এলাকার জলজ জীবদের নিম্ন তাপমাত্রায় বেঁচে থাকার একটি সহজাত প্রবৃত্তি গড়ে ওঠে। সংগত কারণে এসব জলজ উদ্ভিদ ও প্রাণীর নাতিশীতোষ্ণ বা উষ্ণ প্রধান অঞ্চলের জলজ উদ্ভিদ এবং প্রাণীর চেয়ে কিছুটা আলাদা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।প্রশ্ন: ঘ) ‘সুউচ্চ পাহাড়ে রান্না করা অসুবিধা’ উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উত্তর: ঘ) সুউচ্চ পর্বতে রান্না করা দুরূহ কারণ: অধিকাংশ তরলের ক্ষেত্রে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। অর্থাৎ তরলের স্ফুটনাঙ্ক চাপের সমানুপাতিক। স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক 100°c। কিন্তু চাপ যদি 76cm পারদ চাপ না হয়ে কম হয় তাহলে পানি 100°c এর কম তাপমাত্রায় ফোটে। প্রতি 2.7cm পারদ চাপের পরিবর্তনের কারণে স্ফুটনাঙ্ক 1°c পরিবর্তিত হয়।সুউচ্চ পর্বতে রান্না করা অসুবিধানজক: উঁচু পাহাড়ের ওপর বায়ুর চাপ কম থাকায় পানির স্ফুটনাঙ্ক কমে যায়। অর্থাৎ কম তাপমাত্রায় পানি ফুটতে থাকে। হিসাব করে দেখা যায়, এভারেস্টশৃঙ্গে 70°c (মাত্র) তাপমাত্রায় পানি ফুটতে থাকে। যার ফলে মাছ, মাংস, ডিম প্রভৃতি দ্রুত সেদ্ধ হয় না, অনেক সময় লাগে। ফলে পাহাড়ে বা পর্বতের ওপর রান্না করা দুরূহ হয়ে পড়ে। প্রেসার কুকার ব্যবহার করে এ অসুবিধা দূর করা যায়।