অভিযাত্রিক প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘অভিযাত্রিক’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। রক্ত আলোর মদে মাতাল ভোরে/আজকে যে যা বলে বলুক তোরে/সকল তর্ক হেলায় তুচ্ছ করেপুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা/আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।ক. ‘অভিযাত্রিক’ কবিতায় কবি কাদের প্রশস্তি গেয়েছেন?খ. ‘মহাকাল’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?গ. উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে ‘অভিযাত্রিক’ কবিতার কী মিল খুঁজে পাও—নির্ণয় করো।ঘ. ‘তরুণ-প্রাণ অভিযাত্রিকেরা সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার বহন করে।’—উদ্দীপক ও ‘অভিযাত্রিক’ কবিতার আলোকে কথাটির যথার্থতা আলোচনা করো।উত্তর: ক. ‘অভিযাত্রিক’ কবিতায় কবি তরুণ অভিযাত্রিকের প্রশস্তি গেয়েছেন।উত্তর: খ. ‘মহাকাল’ অর্থ হলো অনন্তকাল বা বহমান সময়। কবি এখানে মহাকালকে এমন একটি আধার হিসেবে কল্পনা করেছেন, যা জগতের মানবকল্যাণকামী মানুষের গৌরবোজ্জ্বল কীর্তিকে ধারণ করে। সংগ্রামের পথ বেছে নেওয়া দুর্গম পথের দুঃসাহসী অভিযাত্রিক দল লক্ষ্য অর্জনে প্রাণদান করলে মহাকাল তাদের নাম লিখে নেয়। অর্থাৎ, মহাকালের ইতিহাসে তারা চিরস্মরণীয় ও চিরজীবী হয়ে থাকে। মহাকালের আশ্রয় লাভ করে বলেই দুঃসাহসী অভিযাত্রী দল আমাদের হূদয়ে চিরভাস্বর। উত্তর: গ. উদ্দীপকের ভাববস্তু হলো তারুণ্যের প্রশস্তি করে তাদের জয়গান গেয়েছেন কবি। এখানে কবি তরুণ-প্রাণকে দুরন্ত ও কাঁচা বলে সম্বোধন করেছেন। এই তরুণদের মধ্যে লক্ষ করা যায়, সৃষ্টিশীল সম্ভাবনাময় তারুণ্য। এখানে ভোরের রক্তলাল সূর্যালোক তরুণদের মুক্তির নেশায় পাগল করে তুলেছে। অর্থাৎ, তারুণ্য এই শক্তিবলে জীর্ণ-জরাকে ঝরিয়ে দিয়ে নতুন সৃষ্টি ও সম্ভাবনার পথ নির্মাণ করে। কোনো বাধা-নিষেধ তার চলার গতিকে রোধ করতে পারে না। কবি তাই অমিত শক্তিধর তারুণ্যকে স্বাগত জানিয়ে পুচ্ছটি উচ্চে তুলে নাচানোর আহ্বান জানিয়েছেন। অপরদিকে, ‘অভিযাত্রিক’ কবিতায় তরুণ অভিযাত্রিকের প্রতি কবির প্রশস্তি ব্যক্ত হয়েছে। দুঃসাহসী অভিযাত্রিক দুর্গম পথের যাত্রী। লক্ষ্য অর্জনে সে অটল, অবিচল। মুক্তপথের সন্ধানী এই যাত্রী দল অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। তার সন্ধানী দৃষ্টিতে সম্ভাবনাময় আগামী দিন প্রতিভাত হয়। অর্থাৎ, এখানে তরুণেরা সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার বহন করে। ফলে তাদের গৌরবোজ্জ্বল কীর্তিকে ধারণ করে মহাকাল। সে জন্য তারা আমাদের হূদয়ে চিরভাস্বর। সুতরাং বলা যায়, উদ্দীপক ও ‘অভিযাত্রিক’ কবিতার মধ্যে মিল হিসেবে লক্ষ করা যায়, তারুণ্যের প্রশস্তি ও জয়গান।উত্তর: ঘ. পৃথিবীতে মানব সভ্যতা সমৃদ্ধ হয়েছে তরুণদের অকুণ্ঠ অবদানে। যুগে-যুগে, কালে-কালে, দেশে-দেশে সমৃদ্ধ ভবিষ্যতের অঙ্গীকার বহন করেছে দুঃসাহসী তরুণ দল। মানব কল্যাণের পথ পুষ্প বিছানো নয়। এ পথে আছে বাধা-বিঘ্ন, বিপদ-আপদ, ভয়-ত্রাস কিংবা মৃত্যুর হাতছানি। এ দুর্গম পথে সংগ্রাম করে মানবতার মুক্তি অন্ব্বেষণে যাত্রা করে কেবল দুঃসাহসী তরুণ-প্রাণ অভিযাত্রী দল। তারাই শুধু বন্ধুর পথে অগ্রসরমাণ—লক্ষ্য অর্জনে তারা অটল, অবিচল। তরুণের তাজা প্রাণ এ পথে পথহারা, দিশাহারা হয় না। পথ চলতে গিয়ে ভুল করলেও দুরন্ত তরুণেরা অন্য পথের, মুক্তপথের সন্ধানে অবিরাম পথ চলে। কেননা, তাদের বিশ্বাস এটাই, মানবতার চির শাশ্বত পথ।উদ্দীপক ও ‘অভিযাত্রিক’ কবিতায় তরুণদের এই তারুণ্যের প্রশস্তি ও জয়গান উচ্চারিত হয়েছে। উদ্দীপকে তরুণদের কখনো দুরন্ত, কখনো কাঁচা বলে সম্বোধন করে তাদের সৃষ্টিশীল তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে। তারাই ভোরের রক্তলাল সূর্যালোকের আহ্বানে মুক্তির নেশায় পাগল হয়ে ওঠে। অর্থাৎ, তারা তাদের তারুণ্যের শক্তি দিয়ে নতুন সৃষ্টি ও জাতির সম্ভাবনার পথ নির্মাণ করে চলে। তেমনি তরুণ-প্রাণ তাদের প্রাণের শিখায় পথ চলে নদীর মতো ফুল-ফসলে ভরা সজীব পৃথিবী নির্মাণের ন্যায় দেশ ও জাতিকে নব জীবন দান করে। তাদের এই অসামান্য অবদানে নির্মিত হয় সমৃদ্ধ ভবিষ্যৎ। সুতরাং, ‘তরুণ-প্রাণ অভিযাত্রিকেরা সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার বহন করে।’—কথাটি সম্পূর্ণ যথাযথ সত্য। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়, তারুণ্য হলো ভবিষ্যৎ আর সম্ভাবনার প্রতীক।