বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থী গতকালের পর আজ দ্বিতীয় অধ্যায়ের প্লাষ্টিড নিয়ে শেষ প্রশ্নটি দেওয়া হলো। প্রশ্ন: (ঘ) উদ্ভিদে বিদ্যমান নানা ধরনের প্লাস্টিডের ভূমিকা মূল্যায়ন করো?উত্তর: (ঘ) উদ্ভিদে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা: উদ্ভিদকোষে তিন ধরনের প্লাস্টিড বিদ্যমান। নিচে তিন ধরনের প্লাস্টিডের নাম, অবস্থান ও কাজ উল্লেখ করা হলো:i) ক্রোমোপ্লাস্ট: এদের উপস্থিতির দরুন ফুলের পাপড়ি, ফল ও বীজ রঙিন হয়। এরা সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণের বিশেষ করে হলুদ ও লাল বর্ণের হয়। এর ফলে কীটপতঙ্গ আকৃষ্ট হয় এবং পরাগায়ণে সহায়তা করে। পরাগায়ণ ও নিষেক না হলে ফল ও বীজ উৎপন্ন হতো না। এর ফলে উদ্ভিদের বংশবৃদ্ধি ব্যাহত হতো এবং প্রাণীকূলের ফলমূল, খাদ্যশস্যের ঘাটতি দেখা দিত। ii) লিউকোপ্লাস্ট: এরা বর্ণহীন, কারণ এতে কোনো রঞ্জক পদার্থ থাকে না। মূল, ভূ-নিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না, সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট বিদ্যমান। এদের কাজ হচ্ছে মূল ও কাণ্ডে খাদ্য সঞ্চয় করা। উদ্ভিদের এই সঞ্চিত খাদ্য প্রাণীকুল গ্রহণ করে তাদের খাদ্যের চাহিদা পূরণ করে। iii) ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় থাকে বলে ক্লোরোপ্লাস্ট সবুজ হয়। এদের কাজ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য তৈরিতে উদ্ভিদকে সহায়তা করা। উদ্ভিদ নিজের তৈরিকৃত খাদ্য নিজে ব্যবহার করে এবং উদ্বৃত্ত খাদ্য নিজ দেহের বিভিন্ন অংশে সঞ্চয় করে রাখে, যা প্রাণীকুল খাদ্য হিসেবে ব্যবহার করে। সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা প্রাণী গ্রহণ করে বেঁচে থাকে। তাই উদ্ভিদ ও প্রাণীকুলের বেঁচে থাকার জন্য ক্লোরোপ্লাস্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।ওপরের বর্ণনা থেকে দেখা যাচ্ছে, পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীকুলের বেঁচে থাকা ও জীবন ধারণের জন্য প্লাস্টিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।