পরিচ্ছেদ-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।
নিরীহ বাঙালি
# তানিম রহমান প্রতিভাবান ছেলে হিসাবে এলাকায় সুপরিচিত। এলাকার মানুষ ভেবেছিল বড় চাকরী পেয়ে সে এলাকার মানসম্মান রাখবে। কিন্তু লেখাপড়া শেষে শ্রমবিমুখ তানিম দ্রুত ধনী হবার আশায় অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যবসা শুরু করে। নকল ও ভেজাল সামগ্রী বিক্রি করে সে সফল ব্যবসায়ী হিসেবে সমাজে আত্নপ্রকাশ করে। আসলে তানিম রহমান সমাজের শত্রু এবং মানুষের জীবন ধ্বংস কারী।
প্রশ্ন:
ক. শুভ্রনিলাম্বর শব্দের অর্থ কী?
খ. বাঙালি ধান্যতণ্ডুলের ব্যবসা করে না কেন ?
গ. উদ্দীপকের তানিম রহমানের ব্যবসায়িক মানসিকতার সঙ্গে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় - বিশ্লেষণ করো।
ঘ. উদ্দীপকের তানিম রহমান সমাজের শত্রু ও মানুষের জীবন ধ্বংসকারী - উক্তিটি ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ক. শুভ্রনীলাম্বর শব্দের অর্থ হলো পরিষ্কার নীল আকাশ।
উত্তর: খ. বাঙালি ধান্য তণ্ডুলের ব্যবসা করে না, কারণ এই ব্যবসায় অধিক পরিশ্রমের প্রয়োজন হয়। বাঙালি অলসতাপ্রিয় ও শ্রমকাতর জাতি। পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করা বাঙালির পক্ষে কল্পনার অতীত। শারীরিক পরিশ্রম নেই অথচ লাভবান হওয়া যাবে এমন ব্যবসায় বাঙালি অভ্যস্ত। ধান্য তণ্ডুলের ব্যবসায় কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় বলেই বাঙালি এ ব্যবসা করে না।
উত্তর: গ. উদ্দীপকের তানিম রহমানের মানসিকতার সঙ্গে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির আলস্যপ্রিয়তা ও শ্রমবিমুখ মানসিকতার পরিচয় পাওয়া যায়। বাঙালিরা অলসপ্রিয়, শ্রমবিমুখ এবং অল্প পরিশ্রমে সাফল্য লাভে প্রত্যাশী। যে কারণে দেশ ও জাতির ক্ষতি হবে জেনে ও তারা অসৎ পথ অবলম্বন করতে দ্বিধাবোধ করে না।
উদ্দীপকের তানিম রহমান মেধাবী হয়েও নিজের শুভবুদ্ধির দ্বারা উন্নতির চেষ্টা না করে অসৎ উপায়ে ব্যবসা করে দেশ ও জাতির শত্রুতে পরিনত হয়েছেন। তেমনিভাবে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালিরা পরিশ্রম ছাড়া কিভাবে লাভবান হওয়া যাবে সেই চেষ্টা করেছেন। প্রয়োজনে অসৎ পথ অবলম্বন করতে ও পিছপা হয়নি।
উত্তর: ঘ. উদ্দীপকের তানিম রহমান সমাজের শত্রু ও মানুষের জীবন ধ্বংসকারী - এই উক্তিটির মাধ্যমে বাঙালির সাফল্য লাভের হীন প্রচেষ্টাকে ইঙ্গিত করা হয়েছে। বাঙালি শ্রমবিমুখ এবং অলসপ্রিয়। কঠোর পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করা তাদের পক্ষে অসম্ভব। বরং অসৎ উপায়ে এবং কম পরিশ্রমে কীভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেই মানসিকতা সবসময় ধারণ করেছে।
উদ্দীপকে তানিম রহমান প্রতিভাবান ছেলে হিসেবে বড় চাকরি না করে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করেনি বরং নকল ও ভেজাল সামগ্রী বিক্রি করে নিজে আর্থিকভাবে লাভবান হয়ে দেশের শত্রুতে পরিণত হয়েছেন। তেমনিভাবে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ না করে অন্যের দয়া বা দানের উপর নির্ভর করেছেন। এমনকি অসৎ পথও অবলম্বন করেছেন। যা বাঙালির চারিত্রিক দৃঢ়তা কে খর্ব করেছে।
তানিম রহমানের মানসিকতা এবং ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির মানসিকতা একই পরিচয় বহন করে। যা দেশ ও জাতির তথা বাঙালির জন্য মঙ্গলজনক নয়।