৯ম শ্রেনীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬  জীবে পরিবহন প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৬ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# কনক বাজারে গিয়ে লক্ষ করল, বিক্রেতারা সবজিতে পানি ছেটাচ্ছেন। কিছু সবজি কিনে পলিথিনের ব্যাগে বাসায় নিয়ে দেখল, পলিথিনের ব্যাগের নিচে পানি জমে আছে। ব্যাপারগুলো তাকে কৌতূহলী করে তুলল।প্রশ্ন: ক. ইমবাইবিশন কী?খ. উদ্ভিদ পরিবহন বলতে কী বোঝায়?গ. কনকের পর্যবেক্ষণকৃত প্রথম ঘটনাটির কারণ ব্যাখ্যা করো।ঘ. কনকের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় ঘটনাটির সঙ্গে উদ্ভিদের জীবনের সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় ভূমিকার শুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. কলয়েড-জাতীয় শুকনা বা অর্ধ শুকনা পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়।উত্তর: খ. উদ্ভিদ পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুত খাদ্যের চলাচলকে বোঝায়। জাইলেম ভেসেলের মাধ্যমে পানি ও খনিজ লবণ উদ্ভিদ ওপরের দিকে ওঠে। প্রস্বেদন টান, কৈশিক শক্তি ও মূলজ চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন।উত্তর: গ. কনক সবজি বিক্রেতাকে সবজিতে পানি ছেটানো প্রত্যক্ষ করল। অভিস্রবণ-প্রক্রিয়ায় সবজির ভেতরে পানি প্রবেশ করে। যে প্রক্রিয়ায় একটি বৈষম্যভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে হালকা ঘনত্বের দ্রবণ থেকে পানি (দ্রাবক) অধিক ঘন দ্রবণের দিকে প্রবাহিত হয়, তাকে অভিস্রবণ বলে।এখানে সবজির ভেতরের কোষগুলো বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে থাকে। সবজির ভেতরে থাকে ঘন কোষরস আর বিক্রেতা যে পানি ছেটায়, সে পানির ঘনত্ব কম থাকে। তাই অভিস্রবণ-প্রক্রিয়ায় সবজির ভেতরে পানি প্রবেশ করে। ফলে সবজির সজীবতা অক্ষুণ্ন থাকে। এতে বিক্রেতা আর্থিকভাবে লাভবান হয়। এ জন্য বিক্রেতা সবজিতে পানি ছেটায়।উত্তর: ঘ. কনকের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় ঘটনাটি প্রস্বেদনের কারণে হয়েছে। যে প্রক্রিয়ায় উদ্ভিদ পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ থেকে বাষ্পাকারে পানি নির্গত করে, তাকে প্রস্বেদন বলে। প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। নিচে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো:১. পানি ও খাদ্যরস ওপরে উঠানো: প্রস্বেদনের ফলে জাইলেম টিস্যুর ভেসেল নালিকার পানি স্তম্ভে যে টান পড়ে তার ফলেই মূল দিয়ে শোষিত পানি ও খাদ্যরস ওপরে উঠে আসে।২. পাতায় পানি ও খনিজ লবণ পৌঁছানো: পাতায় সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় পানি, ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজনীয় Mg পৌঁছানোর কাজটিও করে থাকে প্রস্বেদন-প্রক্রিয়া।৩. পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ ও শক্তি নির্গমন: পাতা সূর্য থেকে প্রতি মিনিটে প্রচুর শক্তি শোষণ করে। এর মাত্র শতকরা এক ভাগ বিভিন্ন বিক্রিয়ায় খরচ হয়। বাকি তাপশক্তি প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যায়।৪. কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি: প্রস্বেদন-প্রক্রিয়া পরোক্ষভাবে অভিস্রবণ-প্রক্রিয়া চালু রাখে এবং সব কোষকে স্ফীত অবস্থায় রাখে। এ কারণে কোষ বিভাজন এবং অঙ্গের বৃদ্ধি ত্বরান্বিত হয়।৫. পাতায় ছত্রাক আক্রমণ রোধ: প্রস্বেদনের কারণে পাতার পিঠে কিছু পানিগ্রাহী লবণ জমা হয়। এ কারণে পাতা বিভিন্ন ছত্রাক আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়।৬. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় CO2 শোষণ: সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় CO2 পাতার স্পঞ্জি মেসোফিল কোষ ব্যাপনের মাধ্যমে বায়ুকুঠুরির বায়ু থেকে গ্রহণ করে। এ জন্য স্পঞ্জি মেসোফিল কোষের বহিঃপৃষ্ঠ সব সময় ভেজা থাকতে হয়। যখন থেকে পানি গ্রহণ করে, বায়ুকুঠুরির বায়ু পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বের হয়ে প্রস্বেদন ঘটায়।সুতরাং কনকের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় ঘটনাটি (প্রস্বেদন) উদ্ভিদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।