'ইংলিশ ভার্সন বিলুপ্ত করা উচিত'
জাতীয় শিক্ষানীতিতে ইংরেজি মাধ্যম রাখার সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ইংলিশ ভার্সন চালু করা সম্পূর্ণ অনুচিত। এটা অবিলম্বে বিলুপ্ত করা উচিত। আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘যারা তাদের বিদেশি নাগরিক বানাতে চায়, তাদের জন্য তো ব্রিটিশ সরকার এ-লেভেল কিংবা ও-লেভেল চালু করেছে। দ্বৈত নাগরিক বা বিদেশি নাগরিক দ্বারা বাংলাদেশ গড়ে উঠবে না।’ তিনি আরও বলেন, ‘এ শিক্ষা আইন কোনোভাবে জনগণের জন্য গ্রহণ করার মতো নয়। শাসকদল তাদের স্বার্থে ও প্রয়োজনে এ শিক্ষা আইন প্রণয়ন করেছে। সরকার মতামত চাইছে ঠিক, কিন্তু আমার আপনার কোনো মতামত গ্রহণ করব না।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী প্রমুখ। বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী।