'গতানুগতিক কোনো শিল্প নয় আবৃত্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা বলেছেন, যেকোনো শিল্পে স্থায়িত্বের জন্য সাধনা প্রয়োজন। এ সাধনা হতে হবে প্রার্থনার মতো। প্রতিনিয়ত চর্চায় থাকতে হবে। এ ছাড়া আবৃত্তি কোনো গতানুগতিক শিল্প নয়। তাই সাধনা ছাড়া এ শিল্পে স্থায়ী হওয়া সম্ভব নয়। গতকাল রোববার সন্ধ্যায় বাচিক চর্চা কেন্দ্র ‘শৈশবের’ উদ্যোগে এক আবৃত্তি আড্ডায় তিনি এসব কথা বলেন। ‘আমরা করব জয়’–এর সহযোগিতায় দৃষ্টি চট্টগ্রাম কার্যালয়ে আবৃত্তি আড্ডাটি অনুষ্ঠিত হয়। আড্ডায় ডালিয়া বসু আবৃত্তি ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, কবিতা মানুষের মতো রঙিন। কবিতার আলাদা চরিত্র ও বক্তব্য থাকে। তাই কবিতার সঙ্গে বসবাস করতে হয়। সম্পর্ক গড়ে তুলতে হয়। তবেই কবিতা নিজের হয়ে যায়। আর কবিতা যদি মননের রঙ্গে রাঙিয়ে পরিবেশন করা যায়, তবে তা প্রাণবন্ত হয়ে ওঠে। তখনই কবিতা স্পর্শ করে মানুষের হৃদয়কে।

আড্ডায় সূচনা বক্তব্য দেন সংগঠক শওকত বাঙালি। আড্ডায় আরও অংশ নেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, বোধনের আবৃত্তি সংগঠনের প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি, সন্দ্বীপন দাশ, মৃত্তিকা দাশ, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সদস্য সাইদুর রহমান, নোটন কান্তি বিশ্বাস, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের অনির্বাণ চৌধুরী, রবীন শীল, জয় চন্দ্র বিশ্বাস প্রমুখ।

শওকত বাঙালি বলেন, ডালিয়া বসু নিয়মিত সাধনার মধ্য দিয়ে তিনি আবৃত্তিশিল্পকে একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। আলোচনার একপর্যায়ে অংশগ্রহণকারীরা আবৃত্তি পরিবেশন করেন।