'গল্প চালাও, ফিল্ম বানাও'

ইশতেহাদের স্বপ্ন শর্টফিল্ম বানানো। সুযোগ পেলেই নিজের ডিএসএলআর ক্যামেরাটি নিয়ে কাজে লেগে যান। নতুন নতুন গল্পের ভাবনা তাঁর মাথায় সব সময়ই খেলা করে। এরই মাঝে বেশ কয়েকটা শর্টফিল্ম বানিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বলার মতো সাফল্য এখনো আসেনি, কিন্তু শিখছেন প্রচুর, জানান ইশতেহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলাপে তিনি বলেন, এখনো অনেক কাজ আমি আয়ত্তে আনতে পারিনি। তাই নিয়মিত শর্টফিল্মবিষয়ক কর্মশালা-সেমিনারে যাই, এখানে এলে অনেক কিছু জানতে পারি। ব্যবসায় প্রশাসনের মতো খটমটে বিষয়ে পড়েও ইশতেহাদ স্বপ্ন দেখেন, তাঁর গল্পগুলো একদিন সেলুলয়েডের রঙিন জগতে জীবন্ত হয়ে উঠবে।
এখনকার সৃজনশীল তরুণদের এ স্বপ্নপূরণে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রা. লিমিটেডের অন্যতম ব্র্যান্ড স্টপ নট-এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রথম ক্যাম্পাসভিত্তিক ফিল্ম মেকিং প্রতিযোগিতা ‘স্টপ নট গল্প চালাও, ফিল্ম বানাও’।
২৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ কার্যক্রমের সূচনা করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। পুরো কার্যক্রমটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আশীফ এন্তাজ।
তিন মাসব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বাংলাদেশের তরুণদের গল্প লেখা ও ফিল্ম বানানোর প্রতি আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেশের ১০টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আয়োজকেরা প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ধারাবাহিক গল্পগুলো সংগ্রহ করবে। প্রথমে একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে গল্পের প্রথম লাইনটি বলে দেওয়া হবে। সেই লাইন থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছোটগল্প তৈরি করবেন। প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের তৈরি করা গল্পের শেষ লাইনের সূত্র ধরে পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের গল্প তৈরি শুরু হবে। এভাবেই ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের তৈরি করা মোট ১০টি গল্প সংগ্রহ করা হবে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দেশনা ও অভিনয়ে নির্মিত হবে ১০টি শর্টফিল্ম। চ্যানেল আই এই শর্টফিল্মগুলো প্রচার করবে, একই সঙ্গে প্রচারণা চলবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবিসি রেডিও শ্রোতাদের জন্য শ্রুতিনাটক হিসেবে এগুলো প্রচার করবে।
শর্টফিল্ম নির্মাণে কারিগরি সহায়তা প্রদান করবেন নির্মাতা সরাফ আহমেদ। সবশেষে দক্ষ জুরি প্যানেলের বিচার, ফেসবুক এবং এসএমএস ভোটগ্রহণের মাধ্যমে ‘সেরা ফিল্ম’ নির্ধারণ করা হবে এবং নভেম্বরে এক গালা ইভেন্টের মধ্য দিয়ে বিজয়ী ঘোষণা করা হবে।