'ছাত্রস্বার্থ পরিপন্থী' বাজেট বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাতিল করে সম্পূর্ণ রাষ্ট্রীয় বরাদ্দে বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

আজ রোববার ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার ও সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার এই বাজেট পাশ করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাজেটে ১১ কোটি ৭২ লাখ টাকা ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ আয় বাড়বে ১ কোটি ৫৫ লাখ টাকা। ফলে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি, সান্ধ্যকোর্স চালুসহ শিক্ষার দর্শন ও ‘ছাত্র স্বার্থ পরিপন্থী’ কার্যক্রম বাড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ গবেষণা খাতে মোট বাজেটের মাত্র ২ ভাগ বরাদ্দ রাখা হয়েছে। যা দিয়ে মানসম্মত গবেষণা সম্ভব নয়। বাজেট পাশ হয়ে যায় কিন্তু ছাত্রসমাজের পক্ষ থেকে কোনো ধরনের মতামত নেওয়া হয় না। নেতৃবৃন্দ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠায় অবিলম্বে ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান।

সান্ধ্যকোর্স নিয়ে সিনেট সদস্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে নেতারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির প্রতিষ্ঠান নয়, শিক্ষা কোনো পণ্য নয়। এর মধ্য দিয়ে একদিকে যেমন শিক্ষাকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয় অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রদের প্রতি শিক্ষকদের মনোযোগ কমে যায়। কোষাধ্যক্ষ যখন সান্ধ্যকোর্স নিয়ে বক্তব্য দিচ্ছেন তখন বুঝতে অসুবিধা হয় না যে, এ কোর্সের ভয়াবহতা এ বিশ্ববিদ্যালয়ে কত ব্যাপক। নেতারা প্রচলিত সব বাণিজ্যিক কোর্স বন্ধের দাবি জানান।