'পাঠ্যসূচি প্রণয়নে প্রকৃত আলেম তৈরির বিষয়টি গুরুত্ব দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আরবি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও আশা পূরণ হয়। পাঠ্যসূচি প্রণয়নে প্রকৃত আলেম তৈরির বিষয়টিও গুরুত্ব দিতে হবে। তাঁদের এমনভাবে তৈরি করতে হবে, তাঁরা যেন দেশ ও দেশের বাইরেও কাজে আসে।

আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি কনভেনশন সেন্টারে ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এই সভার আয়োজন করে। এতে চট্টগ্রাম বিভাগের ৩১৬টি ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা অংশ নেন। দ্বিতীয় অধিবেশনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১ হাজার ২৭০টি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ১ হাজার ৫০টি ফাজিল ও ২২০টি কামিল মাদ্রাসা।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারে। কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তারা এখন অনেক অগ্রসর। সারা বিশ্বকে নেতৃত্ব দিতে গড়ে উঠছে তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় শিক্ষা, খাদ্য ও বিদ্যুৎ খাতে সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে এবং অনেক ব্যর্থতাও আছে। এটি স্বীকার করছি। তবে দেশের মানুষ বলছে, শিক্ষাক্ষেত্রে বেশি উন্নতি হয়েছে। পুরো পৃথিবী আজ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের পরিবর্তনের কথা বলছে।’

সভায় শিক্ষামন্ত্রী বলেন, কিছু লোকের কারণে অনেকে আজ ইসলামকে নানাভাবে রং মাখানোর চেষ্টা করছে। প্রকৃত আলেম ও ইসলামধর্ম অনুসারীরা যদি আল্লাহ ও তাঁর রাসুলের প্রদর্শিত পথে চলতে পারে, তাহলে এটি মোকাবিলা করা সম্ভব।

নির্বাচনের সময় আওয়ামী লীগ ও তার দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ইসলামধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে নাহিদ বলেন, আওয়ামী লীগ সরকারই মাদ্রাসাশিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সরকার সারা দেশে ১ হাজার ১৩০টি মাদ্রাসা ভবন তৈরি করেছে। আরও ১ হাজার ৮০০ ভবন নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে। ৩১টি মাদ্রাসায় স্নাতক কোর্স চালু করা হয়েছে।

আলোচনা সভার মুখ্য আলোচক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘আমরা সবাই মাদ্রাসাশিক্ষার মঙ্গল চাই। এখন আপনারা সবাই মিলে পাঠ্যসূচি ঠিক করেন। আপনারা কোরআন-হাদিস শিক্ষা দেবেন। আবার জীবনমুখী শিক্ষাও দেবেন। যাতে একজন ছাত্র মাদ্রাসা থেকে পাস করে অন্যের কাছে হাত পাততে না হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আহসান উল্লাহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যা, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী।