'সৃজনশীল মেধা অন্বেষণ' প্রতিযোগিতা শুরু ১৫ মার্চ
প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের নিয়ে ১৫ মার্চ শুরু হবে এই প্রতিযোগিতা।
প্রথমে উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের সব উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তিনটি উপদলে (ষষ্ঠ-অষ্টম, নবম-দশম, একাদশ থেকে দ্বাদশ ও সমমান) ভাগ করে প্রতিযোগিতা হবে।
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭ ও ৮ মার্চ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ শিক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ প্রতিযোগিতা আয়োজন করে প্রার্থী ঠিক করতে হবে। এসব নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা শিক্ষা অফিস বা ওয়েবসাইট থেকে পাওয়া নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ১০ মার্চ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। পর্যায়ক্রমে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রতি ধাপে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে সেরা ১২ জনকে এক লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।
একজন শিক্ষার্থী সর্বাধিক তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। চলতি এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারবে না।
২০১৩ সাল থেকে ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয়।