'সেঞ্চুরি'র অপেক্ষায় কারমাইকেল কলেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডা। ছবি: মঈনুল ইসলাম
প্রিয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডা। ছবি: মঈনুল ইসলাম

দিগন্তজোড়া মাঠ। খোলামেলা সুন্দর পরিবেশ। রয়েছে অনেক ইতিহাস। বহন করে চলেছে ঐতিহ্য। আছে পড়ালেখার চাপ, তবু এর ফাঁকে শিক্ষার্থীদের আড্ডারও কমতি নেই। সব মিলিয়ে সারাক্ষণ প্রাণোচ্ছল রংপুর কারমাইকেল কলেজ।
কয়েক দিন আগে, ভরদুপুরে ক্যাম্পাস ঘুরে কথা হলো শিক্ষার্থীদের সঙ্গে। কেউ তখন জোট বেধে আড্ডায় মগ্ন। চলছে হাসাহাসি, খুনসুটি। কারও আবার ক্লাসের তাড়া।
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে উচ্চমাধ্যমিক, ডিগ্রিসহ ২১টি বিষয়ে সম্মান ও œস্নাতকোত্তরের শিক্ষার্থী রয়েছেন প্রায় ২৭ হাজার।
কলেজ প্রাঙ্গণের সঙ্গে মিশে আছে কত শত ইতিহাস। ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড টমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই ঐতিহাসিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর তাঁর নামানুসারেই কলেজের নামকরণ করা হয় ‘কারমাইকেল কলেজ’। বয়সের হিসাবে, আগামী বছর এই প্রতিষ্ঠানের শত বছর পূর্ণ হবে। প্রাক্তন শিক্ষার্থীরা এরই মধ্যে শতবর্ষ উদ্যাপন উপলক্ষে কী কী আয়োজন করা যায়, তা নিয়ে ভাবতে শুরু করেছেন। এখন থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চাপা রোমাঞ্চ!
১৯১৭ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজে ‘আইএ’ ও ‘বিএ’ ক্লাস খোলার অনুমতি দেয়। সেই সময় থেকে প্রায় দুই বছরের জন্য কলেজটির পঠনপাঠনের কাজ চলে রংপুরের বর্তমান জেলা পরিষদ ভবনে। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কারমাইকেল কলেজের মূল ভবনের উদ্বোধন করা হয়। প্রায় ৮০০ বিঘা জমির ওপর বিস্তৃত এই প্রাঙ্গণ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ভীষণ আপন!
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইদুল ইসলাম বললেন, ‘অল্প কিছুদিন পরেই আমাদের প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। আশা করি আমাদের প্রিয় এই কলেজে প্রতিদিনের পরিবেশ এখনকার মতো উৎসবমুখর থাকবে।’
পড়ার ফাঁকে নানামুখী সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীরা মেতে উঠুন, এই আশা ব্যক্ত করলেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রিয়াঙ্কা ঘোষ। একই সুরে কথা বলেছেন একই বিভাগের শিক্ষার্থী সাহাজাদ হোসেনও।
অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী পরিজিতা সিনহার সঙ্গে কথা হলো। বলছিলেন, ‘ভালো মানুষ হয়ে দেশ গড়তে চাই। স্বপ্ন দেখতে চাই, দেখাতে চাই।’
আড্ডার ফাঁকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরা সুলতানা বলে উঠলেন, ‘আমার মনে হয় আমাদের কলেজের মাঠে দাঁড়িয়েই সবচেয়ে সুন্দর আকাশ দেখা যায়! নতুন–পুরোনো ভবনগুলোতে একা একা ঘুরতেও ভালো লাগে!’ তাঁর কথা টেনে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী জুবায়ের বলেন, ‘আমাদের কলেজ প্রাঙ্গণ সব সময় উৎসবমুখর থাকে।’ প্রতিটি দিন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করলেন বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহারও।
কারমাইকেল কলেজে পড়েছেন রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বর্তমানে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।
কথা হলো কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানুর সঙ্গে। বলছিলেন, ‘ইতিহাসের ধারাবাহিকতায় কলেজের সুনাম ছড়িয়ে আছে দেশ-বিদেশে। এখান থেকে পড়াশোনা করে অনেক কৃতী শিক্ষার্থী দেশবরেণ্য হয়েছেন। শান্তিময় পরিবেশে এ কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাক, এমনটিই আশা করি।’
‘প্রায়’ শতবর্ষী কলেজের তরুণদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে ফেরার সময়ও মনের পর্দায় ভেসে উঠছিল শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল মুখগুলো। কানে বাজছিল তাঁদের শোনানো আশার বাণী।