
এ নিয়ে ১১ বার ইতালীয় ছবি অস্কারের বিদেশি ছবির ক্যাটাগরিতে সেরা হলো। এবার রেকর্ড ৭৬টি দেশ তাদের ছবি অস্কারের জন্য পাঠায়। বাংলাদেশের টেলিভিশন, ভারতের দ্য গুড রোড, পাকিস্তানের জিন্দা ভাগ ছবিগুলো পাঠানো হয়। সৌদি আরবও প্রথমবারের মতো অস্কারে ছবি পাঠায়। তবে প্রতিযোগিতায় ঝরে পড়ে বেশির ভাগ ছবি। মোট পাঁচটি ছবি মনোনয়ন পায়। সেগুলোর মধ্যে আবারও বিজয়ের মুকুট পরে ইতালির ছবি দ্য গ্রেট বিউটি। এই পাঁচটি ছবি নিয়েই এ আয়োজন
দ্য গ্রেট বিউটি ইতালি
এ ছবির মাধ্যমে বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে ইতালি ১১ বারের মতো জিতে নিল অস্কার। পরিচালক পাওলো সরেনতিনোর এ ছবির ইতালিয়ান নাম লা গ্রানদে বেলেজা। বিখ্যাত ইতালিয়ান পরিচালক ফেদেরিকো ফেলেনির লা দলসে ভিতার আদলে ছবিটি নির্মাণ করা হয়। জেপ গামবারদেলা এক রোমান প্লেবয়। রোমের সব পার্টির মধ্যমণি হিসেবে পাওয়া যায় তাকে। ৬৫ বছর বয়সেও তার লাইফস্টাইল একই রকম। এমনই কাহিনি নিয়ে এ ছবি।
দ্য মিসিং পিকচার কম্বোডিয়া
এ ছবির পরিচালক রিথি প্যান। স্থানীয় ভাষায় ছবিটির নাম লা ইমেজ ম্যানকোয়েনতে। এটি একটি ডকুমেন্টারি ফিল্ম। পরিচালক তাঁর পরিবারকে ঘিরে নির্মাণ করেন এর কাহিনি। প্যান যখন ছোট ছিল, তখন কম্বোডিয়ায় খেমাররুজ শাসন চলছিল। তার পরিবারকে রাজধানী নমপেন থেকে গ্রামের এক শ্রমিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সে সময়কার চিত্রই তুলে ধরা হয়েছে এতে।
ওমর প্যালেস্টাইন
একটি প্রেমের ছবি। রাজনৈতিক ষড়যন্ত্র দেখানো হয় ছবিতে। ফিলিস্তিনি যুবক ওমর ফেঁসে যায় এক ইসরায়েলি সেনা হত্যার ঘটনায়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে বাধ্য করে ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের সংবাদদাতা হিসেবে কাজ করতে। ছবির পরিচালক হানি আবু আসাদ।
দ্য ব্রোকেন সার্কেল ব্রেকডাউন বেলজিয়াম
দিদিয়ের একটি ব্যান্ড গ্রুপের লিডার। সে প্রেমে পড়ে গায়িকা এলিসের। একসময় তাদের সন্তান হয়। কিন্তু ছয় বছর বয়সে তাদের সন্তান মেয়ের ক্যানসার ধরা পড়ে। এমন কাহিনি নিয়ে ছবিটি পরিচালনা করেছেন ফেলিক্স ভ্যান গ্রোয়েনিয়েন।
দ্য হান্ট ডেনমার্ক
স্থানীয় ভাষায় এ ছবির নাম জাগটেন। পরিচালক থমাস ভিন্টারবার্গের এ ছবিতে একটি দুঃখজনক কাহিনি তুলে ধরা হয়। কিন্ডারগার্টেন স্কুলশিক্ষক লুকাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় তার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে যৌন হয়রানির কথা বলে।
আহমেদ শরীফ
তথ্যসূত্র: সিনহুয়া, পিআরআই