আমার জীবনেরও হিরো সে: অপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব–অপুর গোপনে বিয়ে, সন্তান ও সংসারের খবর হঠাৎ করেই গত সোমবার লোকসমক্ষে আসে। গতকালও এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ছিল আলোচনা-সমালোচনা। দুজনের সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের

অপু বিশ্বাস
অপু বিশ্বাস

প্রশ্ন: নায়কের প্রতি আস্থা ফিরেছে?

উত্তর: শাকিবের প্রতি সব সময় আমার সম্মান, শ্রদ্ধা ছিল, আছে এবং সারা জীবন থাকবে। ভালোবাসাও ছিল অসীম। সে আমার কাছে একজন প্রকৃত মানুষ। একজন মানুষ সব দিক থেকে পরিপূর্ণ হতে পারে না। কিন্তু শাকিব একজন পরিপূর্ণ মানুষ। একজন মানুষের যত গুণ থাকা দরকার, এর সবই শাকিবের আছে। সম্মান, খ্যাতি, মর্যাদা সবই আছে তার। তার ওপর আস্থা হারানো সহজ নয়।

প্রশ্ন: সোমবার সেই আস্থার কী হয়েছিল?

উত্তর: শিল্পীরা একটু বেশি অভিমানী হয়। তারপরও আমি তাকে স্যালুট জানাই এ জন্য যে শুরু থেকেই সে তার সন্তানের ব্যাপারে ইতিবাচক ছিল। এতে আমি গর্ববোধ করেছি। আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত শাকিবের এই মানসিকতা যেন অটুট থাকে। স্ত্রী হিসেবে এটুকুই আমার চাওয়া। সন্তানের মা হিসেবে তার কাছ থেকে যেন আমি এই সমর্থনটুকু সারা জীবন পাই।

প্রশ্ন: আপনি এমন করতে গেলেন কেন? সংসার তো ভাঙতে বসেছিল।

উত্তর: আমি জানতাম, শাকিব যেসব বলেছে কোনোটাই তার মনের কথা নয়। সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাই সে কখন কী বলছে সেসবে আমি কিছু মনে করিনি। আমার বিশ্বাস ছিল, সাত দিনের মধ্যে সব ঠিক হয় যাবে। যেটা ঘটেছে সেটা নিতান্তই আমাদের পারিবারিক ঘটনা। আমি ‘অপু বিশ্বাস’ এবং সে ‘শাকিব খান’ বলেই এই ঘটনা নিয়ে এত কিছু। তবে শিল্পীরাও মানুষ। তাঁদের ঘরেও মান-অভিমান, ঝগড়া-ঝাঁটি হয়। জীবনে এসব না থাকলে সেটা জীবন হয় কীভাবে? আমি জানতাম, সে আমাকে স্বীকার করবে। শাকিবকে তো আমি চিনি। সে যেমন পর্দার হিরো, তেমনি আমার জীবনেরও হিরো।

প্রশ্ন: সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় কেমন লাগছে?

উত্তর: আমি এখন অনেক খুশি। গতকাল (সোমবার) আমাকে দিয়ে অনেকেই অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন। আমি সবাইকে অনুরোধ করেছিলাম, যেন আমাকে অন্তত সাত দিন সময় দেন তাঁরা। খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমি জানতাম, শাকিব এটা সহ্য করতে পারবে না। গতকাল সে স্বাভাবিক ছিল না। সত্যি কথা বলতে আমি অনেকটাই হালকা হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে, খোলা আকাশের বুকে আমি হেঁটে বেড়াচ্ছি। আমার ভেতরে আর কোনো কিছু আটকানো নেই। সব খোলা। আমি অনেক হ্যাপি।

প্রশ্ন: শাকিব খানের সঙ্গে কথা হয়েছে?

উত্তর: এখনো কথা হয়নি। তবে শিগগির হবে। একটু সময় দেন। স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি, কথা-কাটাকাটি না হলে চলে? সে একজন সফল অভিনেতা। সফল বাবা, সফল স্বামী এবং সফল সন্তান। আমার চোখে সে শুধু পর্দায় নয়, বাস্তবেরও সুপারস্টার।