কনার মিউজিক ভিডিওর অ্যালবাম

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা এবারে মিউজিক ভিডিও অ্যালবাম তৈরি করেছেন। নাম ‘সিম্পলি কনা—দ্য মিউজিক ভিডিও অ্যালবাম’। গানগুলোর শিরোনাম হলো—ধিমতানা, যাই ভুলে যাই, অপেক্ষা, ভুল, পাহারা, প্রিয় যাই যাই বলো না, নীলপরী, জাস্ট ওয়ান ক্লিক ও ইওর লাভ। কনা বলেন, ‘আমার এই অ্যালবামটি খুবই ব্যয়বহুল হয়েছে। একটি গানেই খরচ হয়েছে ১৫ লাখ টাকার মত। মিউজিক ভিডিয়োটির নির্মাতা গাজী শুভ্র। রেডডটের কারিগরি সহায়তায় ‘প্রিয় যাই যাই বলো না’ গানটির ভিডিও এটি। এটাকে শুধু মিউজিক ভিডিও বলা ঠিক হবে না। এটা পুরোপুরি একটা ফিল্ম। এফডিসির তিন নম্বর ফ্লোরে বিশাল সেট তৈরি করে অত্যাধুনিক ক্যামেরা এরি-এলেক্সা দিয়ে গানটির শুটিং করা হয়েছে। যে গানে আমাকে চন্দ্রমুখী আর নিরবকে দেবদাসের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। পুরো গানের আবহটা ছিল রাজ দরবারের মতো। সব মিলিয়ে, পুরো গানটির ভিডিও নির্মাণে ছিল আন্তর্জাতিকতার ছোঁয়া। তবে অ্যালবামের বাকি আটটি গানের ভিডিওর মানটাও কিন্তু ফেলে দেয়ার মত নয়।’গাজী শুভ্র ছাড়াও কনার গানের ভিডিয়োগুলোর অন্য নির্মাতারা হলেন- সুবব্রত সরকার, শ্রীলংকার ডিলন ডি সিলভা ও চামিন। অ্যালবামের গানগুলোতে মডেল হয়েছেন নোবেল, নিরব ও লাক্সতারকাখ্যাত রাখি।‘সিম্পলি কনা—দ্য মিউজিক ভিডিও অ্যালবামটি শিগগিরই বাজারে আনছে ডেডলাইন মিউজিক। প্রসঙ্গত, কনার প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশিত হয়েছিল ২০০৬ সালে। দু’বছর বিরতির পর প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় একক ‘ফুয়াদ ফিচারিং কনা’