কনা-পারভেজের গানে 'তারকাঁটা'

কনা ও পারভেজ।
কনা ও পারভেজ।

আরেফিন শুভ ও মীম অভিনীত নতুন ছবি ‘তারকাঁটা’র টাইটেল গানে কণ্ঠ দিলেন পারভেজ ও কনা। ‘হূদয় কী বলে শোনো না, শোনো কিছুক্ষণ/ প্রতি নিঃশ্বাসে তোমার নাম, ডাকি সারাক্ষণ...তোমার অবহেলার তারকাঁটা/ ভেঙে-চুরে দেয় মনের পাতা...’ এমন কথার গানটি লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল ‘তারকাঁটা’ ছবির গানের অ্যালবাম প্রকাশ হবে। অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন।
ছবিটির অন্য গানগুলো লিখেছেন কবির বকুল, মাহমুদ মানজুর, আরফিন রুমী প্রমুখ। পারভেজ ও কনা ছাড়াও ছবিটিতে গেয়েছেন বেবী নাজনীন, আরফিন রুমী, পূজা, লিজা, নাওমি, খেয়া এবং ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুচ্ছাল।
‘তারকাঁটা’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন মৌসুমী, হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজ, মনির হোসেনসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। এরই মধ্যে পুরো দৃশ্যধারণ শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।
‘তারকাঁটা’ ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল এর আগে ‘প্রজাপতি’ ও ‘ছায়া-ছবি’ নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। প্রথম ছবিটি মুক্তি পেলেও দ্বিতীয়টির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।