গান ও কবিতায় রবীন্দ্রনাথকে স্মরণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবসে গতকাল রোববার চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসব আসরে ছিল কথামালার অর্ঘ্য, গান ও কবিতা।

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা: গতকাল সন্ধ্যায় নন্দনকাননের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় রবীন্দ্রপ্রয়াণ দিবসের অনুষ্ঠান। ‘সমুখে শান্তিপারাবার, ভাসাও তরণী হে কর্ণধার’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখা।

আসরে কাবেরী দাশগুপ্তার সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তুষার কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক লাকী দাশ। রবীন্দ্রনাথ প্রসঙ্গে বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথের গানে ব্যক্তির সব ধরনের উপলব্ধির উন্মোচন আছে। প্রকৃতি আর প্রেমের অনুভূতি আচ্ছন্ন রাখে শ্রোতাদের।

কথামালা শেষে সমবেত গানের মাধ্যমে শুরু হয় গানের আসর। শুরুতে ছিল ‘আমার মাথা নত করে দাও হে’ গানটি। এরপর সেঁজুতি শ্রেয়া গেয়ে শোনান ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’। শান্তা গুহের কণ্ঠে ছিল অনুষ্ঠানের শীর্ষ সংগীত ‘সমুখে শান্তিপারাবার, ভাসাও তরণী হে কর্ণধার’ গানটি।

আসরে ২০ জনেরও বেশি শিল্পী সংগীত পরিবেশন করেন। এসব গানের মধ্যে ছিল ‘তোমায় গান শোনাব’, ‘আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া’। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

প্রমা আবৃত্তি সংগঠন: গতকাল সন্ধ্যায় রবীন্দ্রপ্রয়াণ দিবসে প্রমা আবৃত্তি সংগঠন ‘প্রয়াণ দিনে প্রাণ সাধনা’ শিরোনামের আয়োজন করে। নগরের জেলা শিল্পকলা একডেমির গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত এই আসরে ছিল আবৃত্তি, গান, কবিতাপাঠ ও কথামালা।

আসরে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেন কবি আবুল মোমেন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের মাঝে আরও বহু বছর প্রাসঙ্গিক থাকবেন। তিনি বিশ্বাস, পরিশীলন ও মানবতার অনিরুদ্ধ উৎস হয়ে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’

প্রমার আয়োজন শুরু হয় আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের কবিতা পরিবেশনের মাধ্যমে। এরপর মঞ্চে একক আবৃত্তি নিয়ে আসেন হৈমন্তী শুক্লা মল্লিক, মৌসুমী চক্রবর্তী, রূপশ্রী সেনগুপ্ত ও ফাহিম উদ্দিন। হৈমন্তী শুক্লা মল্লিক পরিবেশন করেন ‘প্রশ্ন’ কবিতাটি। ‘অনন্ত প্রেম’ পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী। এরপর রূপশ্রী সেনগুপ্ত ও ফাহিম উদ্দিন কবিতা আবৃত্তি করেন। আসরে চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীরাও কবিতা পাঠ করেন। সবশেষে ছিল প্রমার সদস্যদের পরিবেশনায় ‘অন্তর মম বিকশিত কর’ শিরোনামের বৃন্দ পরিবেশনা।

তারুণ্যের উচ্ছ্বাস: রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ বার্ষিকীতে গতকাল নগরীর আন্দরকিল্লায় সংগঠনের নিজস্ব সম্মিলনকক্ষে রবীন্দ্রনাথের গান, কবিতা ও কথামালা নিয়ে ‘বাইশে শ্রাবণ’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে তারুণ্যের উচ্ছ্বাস।

আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আরমান হাফিজ এবং চৈতি পালের কণ্ঠে কবিগুরুর ‘এক গাঁয়ে’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

 অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করেন অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, ফারুক তাহের, সেলিম ভূইয়া, সেঁজুতি দে, শ্রাবণী দাশগুপ্তা, অর্পিতা দাশগুপ্তা, মৃত্তিকা ধর, শান্তা সাহা, কাঁকন আইচ,  হিরণ্ময় বড়ুয়া, আফরোজা ইয়াসমিন, ইতি দাশ, মালবিকা সিঁথি, সাদ্দাম হোসেন, আল তুষি, এ এফ ফাহিম, শিউলি চৌধুরী, রুবেল চৌধুরী, বাপ্পা বড়ুয়া, প্রান্তিকা সাহা, সুমি বিশ্বাস প্রমুখ।