গ্রামীণফোন-বুয়েট ড্রামা সোসাইটি নাট্যোৎসব
মধ্যরাতে মহাসড়কে দুর্ঘটনায় মারা যান এক পথচারী। খানিক পরে মৃত ব্যক্তির শরীর থেকে বেরিয়ে আসে একটি অদৃশ্য আত্মা। অদৃশ্য আত্মাটি প্রত্যাশা করে লাশটি কেউ একজন নিশ্চয়ই পৌঁছে দেবে তাঁর জন্মস্থান রতনপুর। তবে লাশ পৌঁছে দেওয়ার দূরের কথা, লাশের ওপর দিয়ে যেতে থাকে একের পর এক গাড়ি। এর মধ্যেই চুরি হয়ে যায় তাঁর কাছে থাকা মোবাইল, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী। তাঁর ঠিকানা লেখা সব কাগজপত্র। একসময় রাস্তার সঙ্গে থেঁতলে যাওয়া লাশটি নিয়ে যাওয়ার জন্য পুলিশ পুরানদাস নামের এক লোককে নিয়ে আসে। পুরানদাস ক্ষতবিক্ষত লাশটিকে তুলতে গেলে আত্মাটি বলে ওঠে, ‘বাজান, আমি তোমার ছেলে নবদাস।’ পুরানদাস এ কথা শুনতে পেলেও চিনতে পারে না তাঁর ছেলেকে। পুলিশের অনুরোধে মাতাল পুরানদাস লাশটি রতনপুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। পিতার কাঁধে ওঠে পুত্রের লাশ, পিতা চলতে থাকে রতনপুরের উদ্দেশে।
বুয়েট ড্রামা সোসাইটির নাটক দূর ঘটনার গল্প এটি। এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে ‘গ্রামীণফোন-বুয়েট ড্রামা সোসাইটি নাট্যোৎসব-২০১৪’। বুয়েটের শিক্ষার্থীদের নাট্যসংগঠন বুয়েট ড্রামা সোসাইটি উৎসবের আয়োজন করে। ‘নাটক হোক সত্য ও সুন্দরের শৈল্পিক হাতিয়ার’ স্লোগান নিয়ে পাঁচ দিনের এই উৎসবের উদ্বোধন করেন বুয়েটের উপাচার্য খালেদা একরাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দূর ঘটনা নাটকটি মঞ্চস্থ হয়। আজ উৎসবের দ্বিতীয় দিনে থাকছে প্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থেটার।