নতুন শিল্পী তৈরির কারিগর
২৫ মে কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বেরিয়েছে নজরুলসংগীতের অ্যালবাম চিত্তগীত। শিল্পী সালাউদ্দিন আহমেদ। তাঁকে নিয়ে এই প্রতিবেদন

নজরুলসংগীতের নতুন নতুন শিল্পী তৈরির জন্য চেষ্টা করছেন সালাউদ্দিন আহমেদ। নিজেকে সম্পৃক্ত রেখেছেন নানা প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে। সামনেই ১১ জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মদিন। সালাউদ্দিন আহমেদ বললেন, ‘এই দিনটি এলে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। বিভিন্ন টিভি চ্যানেল থেকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি নিজেও ব্যাপারটি দারুণ উপভোগ করি।’
মঙ্গলবার দুপুরে এলেন প্রথম আলো কার্যালয়ে। জানালেন, ভোর চারটা পর্যন্ত এফডিসিতে এটিএন বাংলার একটি অনুষ্ঠানের রেকর্ডিংয়ের কাজ করেছেন। অনুষ্ঠানের নাম ‘পরম্পরা’। এতটুকু বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। জুন মাসের মধ্যেই নজরুল ইনস্টিটিউট কাজী নজরুল ইসলামের নিজের সুর করা দেড় শ গান নিয়ে ১০টি অ্যালবাম তৈরি করবে। সালাউদ্দিন আহমেদ এর সমন্বয় করছেন। শিল্পীদের যাঁদের প্রয়োজন, তাঁদের প্রশিক্ষণও দিচ্ছেন। সকালে যান নজরুল ইনস্টিটিউটে। সেখান থেকেই এসেছেন। এরপর যাবেন বাংলাদেশ বেতারে। সেখানে নজরুলের গানের নিরীক্ষাধর্মী অনুষ্ঠান নিয়মিত করছেন তিনি। নাম ‘দোলনচাঁপা’। এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ের কাজ আছে।
সালাউদ্দিন আহমেদ নজরুল ইনস্টিটিউটের সঙ্গে আছেন ২৫ বছর। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নজরুলের ৫০টি গানের স্বরলিপি করেছেন। নজরুল ইনস্টিটিউট থেকে তাঁর স্বরলিপি নিয়ে বেরিয়েছে স্বরলিপির বই ১৮তম ও ২৫ তম খণ্ড।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছেন। কাজ করেছেন খণ্ডকালীন শিক্ষক হিসেবে। বিশ্ববিদ্যালয়ে গত দুই বছর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তিনটি কোর্স করিয়েছেন।
নজরুলসংগীতের শিক্ষক হিসেবে বুলবুল ললিতকলা একাডেমিতে ছিলেন ২০ বছর, আর নজরুল একাডেমিতে ছয় বছর। ১৮ বছর যাবৎ বাংলাদেশ আনসার ও ভিডিপি কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের সংগীতের প্রশিক্ষণ দিচ্ছেন। এখন আরও প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসে।
নজরুলজয়ন্তী উপলক্ষে এবার এসেছে সালাউদ্দিন আহমেদের নতুন অ্যালবাম। নাম চিত্তগীত। প্রকাশ করেছে জি সিরিজ। শিল্পী বললেন, ‘এটি আমার নবম অ্যালবাম। আর নজরুলের গানের সপ্তম।’
তাঁর নজরুসংগীতের অন্য অ্যালবামগুলো হলো এক জনমের নহে (১৯৯৬), এলো ফুলের মরসুম (১৯৯৭), বেস্ট অব সালাউদ্দিন আহমেদ (১৯৯৯), ভোরের হাওয়া (২০০৭), স্মৃতির সুরভী (২০০৮) ও সুরের সাথী (২০১৪)। তাঁর অন্য দুটি অ্যালবাম হলো ইসলামী গান নিয়ে, বেহেশতি তাঞ্জাম (২০১০) ও সিন্ধুর বিন্দু (২০১১)।
বাংলাদেশ বেতার থেকে বারবার ফোন আসছে। যেতে হবে সেখানে। সবশেষে বললেন, নতুন শিল্পী তৈরি আমার মূল উদ্দেশ্য। এই কাজটি করে যাচ্ছি।