শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারের জানুয়ারি মাসের বরাদ্দ তালিকা টাঙাতে দেরি হওয়ায় অন্তত তিনটি নাট্যদল প্রদর্শনী করতে পারেনি। একাডেমি সূত্র বলছে, অভ্যন্তরীণ জটিলতায় জানুয়ারি মাসে হলটির বরাদ্দ তালিকা টাঙাতে দেরি হয়েছে।
৩ জানুয়ারি ফেসবুকে অবয়ব নাট্যদলের প্রধান শহিদুল হক খানের মাধ্যমে জানা যায়, ৩ জানুয়ারি দুপুরে জানুয়ারি মাসের হল বরাদ্দ তালিকা টাঙানোর পর তাঁরা জানতে পারেন, ১ জানুয়ারি অবয়ব নাট্যদল স্টুডিও থিয়েটার হল বরাদ্দ পেয়েছে। পরে শহিদুল হক মুঠোফোনে বলেন, গত কয়েক দিনে অসংখ্যবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু শিল্পকলা একাডেমি কিছুই জানায়নি। হল নিশ্চিত হলে টাকা জমা দিতে হয়। বরাদ্দ তালিকা দিতে দেরি করায় তাঁরা প্রদর্শনী করতে পারেননি।
এরপর প্রথম আলো যোগাযোগ করেছে ৩ তারিখে বরাদ্দ পাওয়া সংগঠন নাট্যবিন্দু ও ৪ তারিখে বরাদ্দ পাওয়া লোক নাট্যদলের (বনানী) সঙ্গে। নাট্যবিন্দুর প্রধান আশিকুর রহমান বলেন, শিল্পকলা একাডেমি তাঁদের জানিয়েছে গত ২৭ তারিখে। কিন্তু হল নিশ্চিত হওয়ার পর মহড়া, হল ভাড়া শোধ করার ব্যাপার থাকে। এত দ্রুত এগুলো করা সম্ভব ছিল না। এ কারণে তাঁরাও প্রদর্শনী করতে পারেননি।
অন্যদিকে লোক নাট্যদলের (বনানী) জেনারেল সেক্রেটারি কামরুন নূর চৌধুরী বলেন, তাঁরা প্রথমে শিল্পকলার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু একাডেমি জানায়, তাঁরা বরাদ্দ পাননি। পরে শিল্পকলা একাডেমি ৩ তারিখে জানায়, দলটি ৪ জানুয়ারিতে বরাদ্দ পেয়েছে। এত অল্প সময়ের ভেতর তাঁদের পক্ষেও প্রদর্শনী করা সম্ভব হয়নি।
শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, হল বরাদ্দের জন্য আগের মাসের ৭ তারিখের মধ্যে আবেদন করতে হয়। ১৫ তারিখের মধ্যে হল বরাদ্দ কমিটি মিটিং করে ফেলে। ২০ তারিখে বরাদ্দ তালিকা টাঙিয়ে দেওয়া হয়। বরাদ্দ পাওয়া নাট্যদলগুলোকে তালিকা দেখে ৩০ তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হয়।
তবে বছরের শুরুতেই জানুয়ারি মাসের বরাদ্দ তালিকা ঠিক সময়ে জানাতে পারেনি শিল্পকলা একাডেমি। এ বিষয়ে শিল্পকলা একাডেমির প্রোডাকশন অফিসার (ড্রামা) মীর মুনিরুল ইসলাম বলেন, ‘কবে টাঙানো হয়েছে তা না দেখে বলতে পারছি না। সম্ভবত ১ কি ২ জানুয়ারি বরাদ্দ তালিকা টাঙানো হয়েছে।’
কেন তালিকা টাঙাতে দেরি হয়েছে? হল বরাদ্দ কমিটির সদস্য ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক (নাটক) আলী আহমেদ মুকুল বললেন, যাঁরা প্রদর্শনী করতে পারেননি, তাঁদের অভিযোগ সত্য। এ মাসে একটু ঝামেলা হয়েছে। অভ্যন্তরীণ জটিলতার কারণে বরাদ্দ তালিকাটা টাঙাতে একটু দেরি হয়েছে।