সেমিনার ও নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে নাট্যকার, চিত্রসমালোচক ও প্রাবন্ধিক সাঈদ আহমদকে যৌথভাবে স্মরণ করেছে শিল্পকলা একাডেমী ও সাঈদ আহমদ ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শুরুতে গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ‘অমৃতের সন্ধানে অভিযাত্রী সাঈদ আহমদ’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন অপূর্ব কুমার।
অপূর্ব কুমার প্রবন্ধে উল্লেখ করেন, ‘বিশ্ব পাঠকের কাছে বাংলার জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতানের মতো সৃজনশীল ব্যক্তিদের পরিচয় করিয়ে দেওয়ার ব্যাকুলতায় ইংরেজিতে লেখা শুরু করেছিলেন সাঈদ আহমদ। একসময় তাঁরই লেখা নাটক বিদেশি ভাষায় অনূদিত হওয়ার কারণে তিনি হয়ে উঠলেন বিশ্ব নাট্যকার। বহু বিচিত্র কর্মসম্পাদনের মধ্য দিয়ে জীবনকে অর্থবহ করেছেন সাঈদ আহমদ।’
স্মরণসভায় বক্তারা সাঈদ আহমদের জীবন ও কাজের নানা দিক তুলে ধরেন। সেমিনার শেষে একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সাঈদ আহমদ রচিত পালাকার-এর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক কালবেলা।