নিউইয়র্কে বাংলাদেশের ১৮ নারী শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী

অ্যাক্রিলিকে আঁকা দিলরুবা লতিফের ‘মিউজিক অব লাভ’
অ্যাক্রিলিকে আঁকা দিলরুবা লতিফের ‘মিউজিক অব লাভ’

তাঁরা ১৮ জন নারী শিল্পী। নানা সময়ে দেশ বিদেশে চিত্রপট রাঙিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটান। ক্যানভাসে মেলে ধরেন মনের ভাবনাকে। চিত্রকলা ভুবনে আলো ছড়ানো এ ১৮ নারী চিত্রশিল্পীর মধ্যে আটজনের অবস্থান প্রবাসে। বাকিরা দেশেই থাকেন। স্বদেশ ও প্রবাসে অবস্থানকারী এসব শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘বাংলাদেশ উইমেন আর্টিস্ট এক্সিবিশন’ শিরোনামে যুক্তরাষ্ট্রে চলছে প্রদর্শনী।

নাজিয়া আন্দালিবের একটি চিত্রকর্ম
নাজিয়া আন্দালিবের একটি চিত্রকর্ম

পাঁচ দিনের এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি আর্ট ডিস্ট্রিক্টে। আয়োজন করেছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সহযোগিতা করেছে ঢাকার গ্যালারি টোয়েন্টিওয়ান, দ্য নিউইর্য়ক আর্ট কানেকশন ও বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম।

সামিনা নাফিজের ‘পল্লি স্মৃতি’
সামিনা নাফিজের ‘পল্লি স্মৃতি’

গ্যালারি টোয়েন্টিওয়ানের অন্যতম উদ্যোক্তা শামীম সুব্রানা জানান, ম্যানহাটনের চেলসি আর্ট ডিস্ট্রিক্টের বিশ্বখ্যাত আর্ট গ্যালারি রগ স্পেসে প্রদর্শিত হচ্ছে ৩০টি চিত্রকর্ম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরির জন্য কনস্যুলেট জেনারেলের ‘জনকূটনীতি’ বা ‘পাবলিক ডিপ্লোম্যাসি’ কার্যক্রমের অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। রগ স্পেস হচ্ছে বিশ্ববিখ্যাত একটি আর্ট গ্যালারি। সেখানে আমাদের শিল্পকর্ম প্রদর্শিত হওয়ার বিষয়টি অবশ্যই মর্যাদাপূর্ণ। এ ছাড়া এ দেশের নারী শিল্পীদের শিল্পধারাও অবলোকনের সুযোগ পাবে ওই অঞ্চলের অধিবাসীরা।

গুলশান হোসেনের ‘দিনের শেষে’
গুলশান হোসেনের ‘দিনের শেষে’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগাযোগ হয় প্রদর্শনী অংশগ্রহণকারী শিল্পী দিলরুবা লতিফের সঙ্গে। দেশের শিল্পাঙ্গনের জন্যও এ প্রদর্শনী ‘বিশেষ তাৎপর্যপূর্ণ’ মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে দেশের নারী চিত্রকরদের সৃজিত শিল্পের গতিধারা উপস্থাপিত হবে বিশ্ববাসীর সামনে। শামীম সুব্রানা ও দিলরুবা লতিফ ছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশে অবস্থানকারী অন্য শিল্পীরা হলেন, রোকেয়া সুলতানা, ফরিদা জামান, গুলশান হোসেন, সামিনা নাফিজ, কনক চাঁপা চাকমা, নাজিয়া আন্দালিব, বিপাশা হায়াত ও আফরোজা জামিল। প্রবাসী চিত্রকরদের মধ্যে রয়েছেন শামীম বেগম, জেবুন্নেছা কামাল, সালমা কানিজ, মাসুদা কাজী, হালিদে সালাম, শামীম আরা, কানিজ হোসনে আকবরী ও সাজেদা সুলতানা।

কনক চাঁপা চাকমা’ ‘দুই পাহাড়ি নারী’
কনক চাঁপা চাকমা’ ‘দুই পাহাড়ি নারী’