প্রথম জুটি, প্রথমে মুক্তি!

প্রথম একসঙ্গে জুটি হয়ে অভিনয় আর বছরের প্রথমেই মুক্তি!—এই দুই প্রথমের সঙ্গে জড়িয়ে গেল সাইমন-পরীমনি জুটির নাম। এ জুটির অভিনীত প্রথম ছবির নাম ‘পুড়ে যায় মন’। দেশজুড়ে মুক্তি মিলছে নতুন বছরের প্রথম মাসেই, জানুয়ারির ২৯ তারিখে।
ছবির পরিচালক অপূর্ব রানা জানিয়েছেন, এটি একটি বিরহ-প্রেমের গল্পের ছবি। আর বিরহ-প্রেমের গল্পের ছবিই যেন সাইমনের জন্য আশীর্বাদ। তাই এ ছবিটি নিয়ে খুবই আশাবাদী সাইমন।
সাইমন জানিয়েছেন, ২০১৩ সালে আরেক বিরহ-প্রেমের ছবি ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। ছবিটি মুক্তির পর চারদিকে হইচই ফেলে দিয়েছিল।
সাইমন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে “পোড়ামন” ছবির মতোই “পুড়ে যায় মন” ছবিটি চলচ্চিত্রে আমাকে আরেক ধাপ এগিয়ে দেবে। এ ছাড়া একসঙ্গে প্রথম অভিনীত এই ছবিতেই আমার আর পরীর রসায়নটা চমৎকার মানিয়ে গেছে।’
এদিকে মুক্তির প্রাক্কালে ছবিটি নিয়ে পরীমনিও খুব উচ্ছ্বসিত!
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বছরের প্রথমে একটা ভালো ছবি নিয়ে দর্শকের সামনে আসার সুযোগ হচ্ছে। ছবির গল্পটি একেবারেই মৌলিক। আমার বিশ্বাস, ছবিটি দেখতে বসে শেষ না করে দর্শকেরা প্রেক্ষাগৃহ থেকে বের হতে পারবেন না।’
‘পুড়ে যায় মন’ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিজু আহমেদ, মুনিরা মিঠু, বড়দা মিঠু, দুলারী প্রমুখ।
প্রসঙ্গত, সাইমন ও পরীমনি অভিনীত আরও দুটি ছবি মুক্তির মিছিলে। ছবি দুটি হলো ‘অজান্তে ভালোবাসা’ ও ‘তোমার জন্য মন কাঁদে’। এ ছাড়া আরও তিনটি ছবির শুটিং চলছে। এই তিনটি ছবি হচ্ছে ‘নদীর বুকে চাঁদ’, ‘চোখের দেখা’ ও ‘মায়াবিনী’।