ভাস্কর চঞ্চল চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ থেকে স্নাতকোত্তর করেন চঞ্চল চৌধুরী। কিন্তু পেশা হিসেবে বেছে নেন অভিনয়কে। এত দিন চারুকলাসংশ্লিষ্ট কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি তিনি। এবার পেয়েছেন। চঞ্চল চৌধুরী অভিনয় করছেন একজন ভাস্করের চরিত্রে। নাটকের নাম জলকন্যা। লিখেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ।চঞ্চল চৌধুরী বলেন, ‘এবারই প্রথম নাটকে ভাস্কর চরিত্রে অভিনয় করেছি। গল্পটা চমত্কার। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ চঞ্চল জানান, তিনি এখন গাজীপুরের পুবাইলে ইমদাদুল হক মিলনের লেখা আর জি এম সৈকতের পরিচালনায় বন্ধু তুমি ধারাবাহিকের শুটিং করছেন। কাল শুক্রবার থেকে নিমফুল নাটকের কাজ করবেন। হুমায়ূন আহমেদের ‘চোখ’ গল্প অবলম্বনে নব্বইয়ের দশকে নির্মিত হয়েছিল নাটক নিমফুল। তখন নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। প্রায় দুই দশক পর নিমফুল আবারও নির্মাণ করা হচ্ছে। নাটকটি পরিচালনা করবেন মেহের আফরোজ শাওন। আর আসাদুজ্জামান নূর অভিনীত চরিত্রে এবার অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।