
সুইটি। অভিনয়শিল্পী, মডেল। যুক্ত ছিলেন প্রযোজনার সঙ্গেও। এটিএন বাংলায় আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক মাগো তোমার জন্য। এই ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।
কী খবর?
ভালো আছি।
কী করছেন?
তেমন কিছুই না। বেশ কিছুদিন হলো নাটকের কাজ একেবারেই কমিয়ে দিয়েছি। বেশির ভাগ সময় বাসায়ই থাকছি। খুব প্রয়োজন না হলে বাইরে খুব একটা যাওয়া হয় না।
হঠাৎ এমন পরিবর্তনের কারণ?
অনেক দিন তো কাজ করেছি। এবার সংসার আর নিজের দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছি। এর মাঝেও আনন্দ আছে।
অভিনয় ছেড়েই দিয়েছেন?
না না। খুব ভালো স্ক্রিপ্ট পাই না। যেসব স্ক্রিপ্ট পাই, সেগুলো আমাকেই স্পর্শ করে না, দর্শক কীভাবে গ্রহণ করবেন? গৎবাঁধা কাজ আর করতে চাই না। এমন কাজ করব, যা দর্শক অনেক দিন মনে রাখবে।
‘মাগো তোমার জন্য’ নাটকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে?
চমৎকার। আমি এই নাটকে একজন খাদ্দামা, মানে বাসার বুয়া। কাতারে কাজ করি। কেউ বিদেশে গেছে, সবাই ভাবে সেখানে কত শান্তি! কিন্তু সেখানে এই শ্রমিক ভাইবোনদের কঠোর পরিশ্রম করতে হয়, কতটা অমানবিক জীবনযাপন করতে হয়, কী ধরনের কষ্ট করতে হয়, নিরাপত্তাহীনতায় ভুগতে হয়—তা কি কেউ কখনো ভাবি? সেখানে না গেলে তা আমার কাছেও অজানা থেকে যেত। এই প্রবাসী ভাইবোনদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। বাংলাদেশের অর্থনীতিতে তাঁরা অনেক বড় ভূমিকা রাখছেন। আমি তাঁদের স্যালুট করি।
আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক কোন চ্যানেলে যেন দেখেছি।
ওই নাটকের নাম টেন মিলিয়ন ডলার। বাংলাভিশনে যাচ্ছে। মাগো তোমার জন্য হলো প্রবাসী শ্রমিকদের জীবন নিয়ে আর টেন মিলিয়ন ডলার হলো অপরাধ নিয়ে। দুটোই দর্শকদের ভালো লাগবে।
বিনোদন প্রতিবেদক