‘মনসুন রেইন’ নিয়ে নেপালে মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েদের ভালোবাসা, দ্বন্দ্ব, প্রতিহিংসা ও সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে ২৬ পর্বের নাটক ‘মনসুন রেইন’। প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করবেন মাহফুজ আহমেদ। আর এ জন্য তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে নাটকটির পুরো ইউনিট নিয়ে নেপাল যাচ্ছেন। মনসুন রেইন নাটকের এ ইউনিটে আছেন লাক্স-তারকা মিম, শখ, অহনা, ববি, লুত্ফুর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মিশু সাব্বির, আরফান আহমেদ, অলিউল হক রুমি ও মাহফুজ আহমেদ নিজেই। নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘আমরা আসলে নাটকটির মাধ্যমে দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের যে অবস্থাটা হয়, সেটিই দেখানোর চেষ্টা করব। এখানে তাঁদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব।’ নাটকটির পুরো শুটিং নেপালের পোখরা ও গ্যাংটকে হবে বলে জানান পরিচালক।নাটকটির নাম প্রসঙ্গে রচয়িতা প্রসূন রহমান বলেন, ‘নামটি রাখার পেছনে কিছু কারণ আছে। আপাতত এটি আমরা প্রকাশ করতে চাচ্ছি না। নাটকের শেষ দিকে এসে নামটি রাখার ব্যাপারটা আমরা তুলে ধরব দর্শকদের সামনে।’ নাটকটির অভিনয়শিল্পী মিম বলেন, ‘মাহফুজ ভাইয়ের পরিচালনায় কাজ করার আমার যথেষ্ট আগ্রহ রয়েছে। ওনার সঙ্গে আমার আগেও কাজ করা হয়েছে। কাজ করে মনে হয়েছে উনি অনেক বেশি হেল্পফুল। তাছাড়া নাটকের গল্পটি আমার কাছে অনেক বেশি সমসাময়িক মনে হয়েছে। মনে হয়েছে নাটকটি এই সময়ের ছেলেমেয়েদেরই গল্প।’পরিচালক সূত্রে জানা গেছে, শুটিং শেষে আগামী মাসের মাঝামাঝি তাঁরা দেশে ফিরবেন।