...এবং বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদায় ২৫ জুন, ১৯৮৩। সুস্বাগত ২ এপ্রিল, ২০১১।’ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে মাধুরী দীক্ষিতের টুইটস। ২৮ বছর পর ভারতের ঘরে বিশ্বকাপ ফিরে এসেছে। সুতরাং যতটা ঢাকঢোল পেটানোর কথা, বলিউডবাসীর পাগলামোর(!) মাত্রা যেন কয়েক গুণ ছাপিয়ে গিয়েছিল সেই রাতে। অমিতাভ বচ্চন চার বছর আগে ছেলের বিয়েতে অতিথি নিমন্ত্রণ দিতে কার্পণ্য দেখিয়েছিলেন। কারণ দেখিয়েছিলেন, প্রিয় মুহূর্ত আপনজনদের সঙ্গেই ভাগাভাগি করতে তিনি পছন্দ করেন। তবে ভারত জয়ের রাতে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে একটুও দ্বিধান্বিত হননি তিনি। ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়াসহ অমিতাভ বেরিয়ে পড়েছিলেন মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায়। পতাকা নিয়ে গাড়ির ছাদে উঠে ঢোল পিটিয়েছেন। এই অমিতাভই কখনো ভারতের ম্যাচ থাকলে স্টেডিয়ামমুখী হন না। এমনকি টিভি সেটের সামনেও টেনেহিঁচড়ে আনা যায় না বিগ বিকে। অমিতাভের কুসংস্কার—তিনি খেলা দেখলে নাকি শচীনরা হেরে যান। তবে ফাইনালের দিন ভারত ৩৩ রানে ২ উইকেট পড়ার পর অমিতাভ আর নিজেকে ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ধোনি-গম্ভীরের ক্যারিশমা দুই নয়নে প্রত্যক্ষ করেছেন। এই অনুতাপ অবশ্য কিং খানেরও কম নয়। ২০টি টিকিট আগেই বগলদাবা করে রেখেছিলেন; সপরিবারে ফাইনাল ম্যাচ দেখবেন। কে জানত, খান সাহেবের পুরোনো পায়ের ব্যথাটা ভিলেন হয়ে হানা দেবে খেলা শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে? অবশ্য স্টেডিয়ামে না গেলেও কারিশমা কাপুর, কারিনা কাপুর, হূতিক রোশন, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে নিজের বাংলোতে বড় পর্দায় ঠিকই হই-হুল্লোড় করে খেলা দেখেছেন শাহরুখ। খেলা শেষে বচ্চনদের মতো গাড়ির ছাদে চড়ে উল্লাস করেছেন। আরেক খান আমির, অবশ্য সেমিফাইনালের মতো ফাইনালেও সপরিবারে হাজিরা দিয়েছিলেন, তাও আবার একই টি-শার্ট পরে। আমির ঠিক করেছেন, এখন থেকে ওই টি-শার্ট পরেই সব সময় ভারতের খেলা দেখতে যাবেন। আমিরের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রজনীকান্তও ছিলেন। ভারত যখন দুই উইকেট হারিয়ে দিশেহারা, তখন জুহি চাওলা, অভিষেক বচ্চন, আনুশকা শর্মা, দিয়া মির্জাসহ অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘দুই উইকেট পড়ে গিয়েছে! চিন্তা কী? স্টেডিয়ামে হাজির রজনী (রজনীকান্ত), গজনি (আমির খান) ও ধোনি! আর ওঁরা যেখানে উপস্থিত, সেখানে তো জয় সুনিশ্চিত!’ আমিশা স্টেডিয়ামে বসেছিলেন সাইফ আলী খান ও রণবীর কাপুরের সঙ্গে। যুবরাজকে ক্রিজে দেখা গেলেই চেঁচিয়ে উঠেছেন আমিশা। এমনকি খেলা শেষেও যুবরাজকে একনজর দেখার জন্য দিশেহারা হয়ে ওঠেন মিস প্যাটেল।প্রীতি জিনতা বরাবরের মতো ফাইনালেও স্টেডিয়ামের শোভা বাড়িয়েছিলেন। তাঁর ভাষায়, ‘দেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে খেলোয়াড়দের তুলনায় আমরা অভিনয়শিল্পীরা কিছুই না। ভারত জয়ের গল্প আমি নাতি-নাতনিদের বলতে পারব—ভাবতেই ভালো লাগছে।’ অন্যান্য বলিউড তারকার মধ্যে বিনোদ খান্না, অনিল কাপুর, অজয় দেবগন, সুনীল শেঠি, সঞ্জয় কাপুর, বিবেক ওবেরয়, অর্জুন রামপাল, কুনাল কাপুর, সোহা আলী খান, কুনাল খেমু, দিনো মোরিয়া, আফতাব প্রমুখ স্টেডিয়ামে ছুটে এসেছিলেন স্বদেশের বিজয়ে শামিল হতে। রাজস্থান রয়েলসের শিল্পা শেঠি অবশ্য ঘরে বসেই খেলা দেখেছিলেন। খেলা শেষে অন্য সব তারকার মতো বিজয়োত্তর পার্টিতে হাজিরা দিয়েছেন। খেলা নিয়ে কথা বলতে গিয়েই বারবার গলা জড়িয়ে এসেছে শিল্পার। আবেগাপ্লুত ফারহান আখতার তো কয়েক ধাপ এগিয়ে বলেছেন, ‘আহ্, যদি এমন একটা চ্যানেল থাকত, যেখানে সব সময় ফাইনাল ম্যাচটা দেখানো হবে!’ ধোনির শেষ ছক্কাটা হূতিক রোশনের মতে, সিনেমার মতো। খেলাটাও তাঁর কাছে মনে হয়েছে খাঁটি ব্যবসাসফল ছবির চিত্রনাট্যের মতো। গানের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর তো খেলা চলাকালে পুরো সময় উপোসই করেছিলেন সন্তানসম ধোনি-টেন্ডুলকার বাহিনীর জন্য। শীর্ষস্থানীয় মিউজিক কোম্পানি টিসিরিজের কর্ণধার ভূষণ কুমার তো তাঁর ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, ভারত জয়ী হলে এ বছর তাঁর কোম্পানি কোনো সিডি বিক্রি করবে না। অখ্যাত মডেল পুনম তো নিজের মা-বাবার অনুমতি নিয়ে ঘোষণা দিয়েছিলেন, ভারত জয়ী হলে পুরো দলের সামনে বিবস্ত্র হতেও পিছপা হবেন না! খেলা শেষে অবশ্য পুনমের টিকিটিও কেউ আবিষ্কার করতে পারেনি। অবস্থা দেখে পরিচালক রামগোপাল ভার্মা বলেছেন, দেশবাসী ক্রিকেটের প্রতি যে ভালোবাসা উজাড় করে দিয়েছে, তার এক ভাগও যদি দেশের অন্যান্য বিষয়ে ঢেলে দিত, দেশ আরও এগিয়ে যেত। রামুর এই বেরসিক(!) মন্তব্যে অবশ্য কেউ-ই আমল দেননি। কারণ, পুরো ভারত এখন বিজয়োল্লাসে মাতোয়ারা। রুম্মান রশীদ খান, সূত্র: ওয়েবসাইট