...কারণ সালমান খান
কথা ছিল, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সালমান খান। কিন্তু বুধবার রাতেই জানা যায়, সালমানের জন্য যে বিমানটি ভাড়া করা হয়েছে, সেই বিমানের কর্তৃপক্ষের কাছে সময়মতো ভাড়ার টাকা পৌঁছায়নি। বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে অন্য একটি বিমান ভাড়া করা হয়। এই বিমানে বিকেল নাগাদ ঢাকায় এসে পৌঁছাতে পারবেন সালমান। দুপুরে জানা গেল, বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এটিএন ইভেন্টস (এটিএন বাংলার একটি প্রতিষ্ঠান) আয়োজিত ত্রিদেশীয় বিগ শোতে সালমানের অংশগ্রহণ একেবারেই অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত দুপুরে মালয়েশিয়া থেকে আরেকটি বিমান ভাড়া করা হয়। সেই বিমানটি ব্যাংকক গিয়ে সালমানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। বিমানটি রাতে এসে পৌঁছায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে সালমানকে সরাসরি নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামে। প্রায় একই সময়ে স্টেডিয়ামে আসেন অক্ষয় কুমার। তিনি আরেকটি ভাড়া করা বিমানে ভারতের চণ্ডীগর থেকে ঢাকায় আসেন।রাতেই এটিএন ইভেন্টসের পক্ষ থেকে জানানো হয়, এই শিল্পীদের আসতে দেরি হওয়ার কারণেই ত্রিদেশীয় বিগ শো পরিকল্পনা অনুযায়ী শুরু এবং শেষ করা সম্ভব হয়নি। এসব কারণ এবং এ ধরনের বড় অনুষ্ঠান আয়োজনের পূর্ব অভিজ্ঞতা না থাকায় নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়। নিরাপত্তাব্যবস্থাও একসময় একেবারেই শিথিল হয়ে পড়ে।আয়োজক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে জানানো হয়, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড গান করবে এই অনুষ্ঠানে। এর আগে যাঁদের নাম জানানো হয়েছিল, তাঁদের কাউকেই পাওয়া যায়নি অনুষ্ঠানের মঞ্চে। নির্ধারিত শিল্পী না আসায় কিংবা আসতে দেরি হওয়ায় অনির্ধারিত শিল্পীদের দিয়ে গান করানো হয়। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। অনেক দর্শকই প্রথম আলো কার্যালয়ে ফোন করে এ ব্যাপারে অভিযোগ করে।এসব অভিযোগের ব্যাপারে এটিএন ইভেন্টসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভবিষ্যতে এই দিকগুলো খেয়াল করা হবে।