শুক্রবার বিকেলে ক্যাথরিন মাসুদ আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর স্বামী প্রয়াত তারেক মাসুদের খুব কাছের বন্ধু-সহযোদ্ধা, আত্মীয়, সহকর্মী, শিল্পী আর শুভাকাঙ্ক্ষীদের। ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটায়। আয়োজনটির শিরোনাম করা হয় ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে’। শোকসভা নয়, এখানে প্রয়াত এই চিত্রপরিচালকের খুব কাছের মানুষজন তুলে ধরেছেন তাঁর জীবন, কর্ম, রাজনৈতিক জীবন, লেখালেখি আর স্বপ্নের কথা। মিলনায়তনের বাইরে তারেক মাসুদের ভাস্কর্য ও ছবি ঘিরে প্রদীপ জ্বালানো হয়। মাটির ময়না ছবিতে আসমার মৃত্যুর পর বাড়ির বারান্দায় মিলাদ শরিফ পাঠ করা হয়েছিল। শুক্রবারের এই আয়োজন শুরু হয় মুজিবর রহমানের নেতৃত্বে সেই দলটির মিলাদ শরিফ পাঠের মধ্য দিয়ে। এরপর দেখানো হয় তারেক মাসুদের বিভিন্ন বয়সের আলোকচিত্র নিয়ে তৈরি ১২ মিনিটের একটি তথ্যচিত্র। নাসির উদ্দীন ইউসুফের সঞ্চালনায় বক্তারা তারেক মাসুদের শৈশব-কৈশোর থেকে শুরু করে তাঁর শিল্পীজীবনের সব কর্ম ও সমৃদ্ধির গল্প ধারাবাহিকভাবে উপস্থাপনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন মুস্তাফা মনোয়ার, হামিদা হোসেন, খুশী কবির, সৈয়দ সালাউদ্দিন জাকী, নায়লা জামান খান, মোরশেদুল ইসলাম, শামিম আখতার, পিয়াস করিম, আলম খোরশেদ, সারা যাকের, রোকেয়া প্রাচী, শরিফুর রহমান, জুনায়েদ হালিম, মইনুল হুদা, মুনীরা মোরশেদ, সাঈদ মিল্কী, প্রসূন রহমান, কামাল আহমেদ, নূরুল ইসলাম, দেলোয়ার হোসেন চৌধুরী, নাহিদ মাসুদ প্রমুখ।তারেক মাসুদের পরিবার ও নিকট আত্মীয়দের মধ্যে তাঁর খালাতো ভাই নজরুলসংগীতের শিল্পী খায়রুল আনাম শাকিল পড়ে শোনান তারেকের চাচাতো বোন তাহমিনা রাব্বানির পাঠানো লিখিত বক্তব্য।অনুষ্ঠানে ক্যাথরিন মাসুদ বলেন, তারেক মাসুদের সঙ্গে তাঁর পরিচয়, জীবনের পথে যৌথযাত্রা, একসঙ্গে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা, তারেক মাসুদের সম্প্রতি বাবা হওয়ার আনন্দ, তারেক মাসুদের অসমাপ্ত কাজ ও স্বপ্ন নিয়ে।তারেক মাসুদের মৃত্যুর খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ক্যাথরিনের মা আলফ্রেডা শেপিয়ার এবং ভাই আলফ্রেড শেপিয়ার। তাঁরা তুলে ধরেন তারেক মাসুদের যুক্তরাষ্ট্র যাত্রা এবং তাঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ। আর কীভাবে তারেক মাসুদ খুব দ্রুত তাঁদের আপন হয়ে যান এবং পরিবারের সদস্য হয়ে ওঠেন। বক্তৃতার ফাঁকে ফাঁকে গান গেয়ে শোনান মুক্তিসংগ্রামী শিল্পীগোষ্ঠীর সদস্য নায়লা জামান খান, শাহিন সামাদ, ডালিয়া নওশিন, আজাদ হাফিজ ও খায়রুল আনাম শাকিল। মুক্তির কথার অ্যালেন গিন্সবার্গের কবিতা ‘সেপ্টেম্বর ইন যশোর রোড’ থেকে তৈরি গানটি গেয়ে শোনান মৌসুমী ভৌমিক। অন্তর্যাত্রা চলচ্চিত্রে গাওয়া কীর্তন গেয়ে শোনান আনুশেহ আনাদিল। তাঁর সঙ্গে ছিলেন বুনো। মাটির ময়না চলচ্চিত্রে গাওয়া ‘পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়’ গেয়ে শোনান মমতাজ। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে নতুন গান ‘খুঁজব কোথায়’ গেয়ে শোনান সজীব।কথা ছিল, অনুষ্ঠানটি হবে আড়াই ঘণ্টার। কিন্তু তা যখন শেষ হয়, ঘড়িতে তখন রাত নয়টা। তারেক মাসুদের প্রিয় কবিতা জালালউদ্দিন রুমির লেখা ‘অনলি ব্রেথ’ আবৃত্তি করেন আলী যাকের। আর এর মধ্য দিয়েই শেষ হয় ‘তারেক মাসুদ: হিজ লাইফ অ্যান্ড ড্রিম (১৯৫৫ - ২০১১)’ শীর্ষক আয়োজন।