বাবার ছবি দিয়ে ক্যারিয়ার শুরু, চরম ফ্লপের পর সাত বছরের বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০২ সালে বাবার পরিচালনায় রোমান্টিক ছবি ‘কাইয়েথুম দুরাথ’ দিয়ে অভিষেক ফাসিলের
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

বলিউড সিনেমায় কয়েক বছর ধরে স্বজনপ্রীতি বিতর্ক নিয়ে উত্তাল। তবে এর অনেক আগেই স্বজনপ্রীতি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল মালয়ালম সিনেমায়। সমালোচনা হয় এমন একজন অভিনেতাকে নিয়ে, যাঁর নাম শুনলে চমকে উঠতে পারেন। কারণ, সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা অভিনেতা মনে করা হয় তাঁকে। তিনি আর কেউ নন, ফাহাদ ফাসিল। এখন সমালোচকেরা তাঁর অভিনয়ে পঞ্চমুখ হলেও প্রথম ছবির পর তাঁর অভিনয় নিয়ে এত কথা হয়েছিল যে এখন বিশ্বাস করাই মুশকিল। নন্দিত এই অভিনেতার আজ জন্মদিন। ৮ আগস্ট ৪০-এ পা দিয়েছেন তিনি।  

২০১২ সালে মুক্তি পাওয়া দুই ছবি ‘টুয়েন্টি টু ফিমেল কোট্টায়াম’–এ ফাহাদ ফাসিল
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

ফাহাদ ফাসিলের বাবা ফাজিল মালয়ালম নির্মাতা। ২০০২ সালে বাবার পরিচালনায় রোমান্টিক ছবি ‘কাইয়েথুম দুরাথ’ দিয়ে অভিষেক ফাসিলের। মুক্তি পাওয়ার পর কী হয়েছিল, সে স্মৃতি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন অভিনেতা। সমালোচকেরা ধুয়ে দিয়েছিলেন, মুখ ফিরিয়ে নেন দর্শকেরাও। প্রবল সমালোচনার মুখে দেশই ছাড়েন অভিনেতা। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে আবারও মন দেন অভিনয়ে।

‘বেঙ্গালোর ডেজ’–এ নাজিয়া নাজিমের সঙ্গে ফাহাদ ফাসিল
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

প্রথম ছবি মুক্তির পর সাত বছর পর মুক্তি পায় তাঁর ‘কেরালা কাফে’। এই অ্যান্থলজি ছবিতে তাঁর অভিনয় দেখে সবারই প্রশ্ন—কীভাবে এতটা বদলে গেলেন সেই ফাসিল? তবে তখনো বোঝা যায়নি সেটা ছিল শুরু মাত্র, পরের এক দশকের কেরালা তো বটেই, ফাহাদ ফাসিল হয়ে উঠবেন ভারতের অন্যতম সেরা অভিনেতা। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ছাপ্পা কুরিশু’ দিয়ে প্রথম সাধারণ দর্শকের মধ্যে পরিচিতি পান অভিনেতা। এই ছবির জন্য কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে জেতেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। ২০১২ সালে মুক্তি পাওয়া দুই ছবি ‘টুয়েন্টি টু ফিমেল কোট্টায়াম’, ‘ডায়মন্ড নেকলেস’ অভিনেতা হিসেবে ফাহাদের জায়গা পাকা করে দেয়। তবে তখনো ‘বেঙ্গালোর ডেজ’ মুক্তি পাওয়া বাকি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি ‘টেক অফ’–এ ভারতীয় রাষ্ট্রদূতের চরিত্রে অভিনয় করেন ফাহাদ ফাসিল
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

২০১৪ সালে মুক্তি পাওয়া অঞ্জলি মেননের ছবি দ্রুত সর্বকালের সেরা ব্যবসাসফল মালয়ালম ছবিতে পরিণত হয়। এরপর ‘মাশেশিনতে প্রাথিকারম’, ‘টেক অফ’, ‘থন্ডিমুথালুম দৃকসাক্ষিয়ুম’, ‘নিজান প্রাক্ষান’, ‘ট্রান্স’-এর মতো সিনেমা দিয়ে মালয়ালম সিনেমার সেরা অভিনেতাদের একজন হয়ে ওঠেন ফাহাদ ফাসিল। জেতেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে পুরো উপমহাদেশে অভিনেতার ব্যাপকভাবে পরিচিতি পান মহামারির সময়। লকডাউনে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তাঁর কয়েক ছবি ওটিটিতে মুক্তি পায়। ‘সি ইউ সুন’, ‘জোজি’, ‘ইরুল’ দেখে ফাসিলের ব্যাপক ভক্তগোষ্ঠী তৈরি হয়।

‘সুপার ডিলাক্স’–এ ফাসিল ও সামান্থা
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

২০১৯ সালে ‘সুপার ডিলাক্স’ দিয়ে তামিলে অভিষেক হয় ফাহাদ ফাসিলের। ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান। অনেক সমালোচকের মতো সে বছর ভারতে সেরা ছবি ছিল ‘সুপার ডিলাক্স’। এ ছাড়া গত বছর বহুল আলোচিত ‘পুষ্পা : দ্য রাইজ’-এও অল্প সময়ের উপস্থিতিতে নিজের ঝলক দেখিয়েছেন তিনি। সেটা ছিল অভিনেতার প্রথম তেলেগু ছবি। চলতি বছর আরেকটি ব্লকবাস্টার তামিল ছবি ‘বিক্রম’-এও ছিলেন ফাসিল।

ফাহাদ ফাসিল ও নাজিয়া নাজিম ২০১৪ সালে বিয়ে করেন
ছবি: সংগৃহীত

মালয়ালমের বাইরে বিভিন্ন দক্ষিণি ছবি করলেও বলিউডে কাজের তেমন ইচ্ছা নেই অভিনেতার। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি যে ধরনের ছবি করতেন, সে ধরনের কনটেন্ট মালয়ালমেই আছে। তবে অদূর ভবিষ্যতে বলিউডে কাজের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। ফাহাদ ফাসিলের অভিনয়ের বড় বৈশিষ্ট্য সাবলীলতা। পাশের বাড়ির ছেলে, ধর্মগুরু, ভিলেন থেকে রাষ্ট্রদূত—যেকোনো চরিত্রেই মানিয়ে যান তিনি। ফাসিল ভারতের সেই সব অভিনেতার একজন, যাঁরা কেবল চোখ দিয়েই অভিনয় করতে পারেন।

এ ছাড়া গত বছর বহুল আলোচিত ‘পুষ্পা : দ্য রাইজ’-এও অল্প সময়ের উপস্থিতিতে নিজের ঝলক দেখিয়েছেন ফাসিল
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

চোখ দিয়ে হেন এক্সপ্রেশন নেই, যা প্রকাশ করতে পারেন না।
বড় তারকা হলেও খুবই সাদামাটা জীবন যাপন করেন ফাহাদ ফাসিল। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এখনো নিজের সব প্রয়োজনীয় জিনিস নিজেই বাজার থেকে কেনেন। কোনো দিন সকালে চা বানাতে গিয়ে যদি দেখেন দুধ নেই, নিজেই বাজারে রওনা হন। ফাহাদ ফাসিল চলচ্চিত্র পরিবারের ছেলে। তাঁর স্ত্রী প্রখ্যাত মালয়ালম অভিনেত্রী নাজিয়া নাজিম। ২০১৪ সালে বিয়ে করেন দুজন। ৪০-এ পা দেওয়া উপলক্ষে ফাহাদ ফাসিল ভাসছেন শুভেচ্ছায়। ভক্ত-দর্শক থেকে শুরু করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দুলকার সালমানসহ অনেক তারকা।

আনোয়ার রশীদের ‘ট্রন্স’ সিনেমায় ফাহাদ ফাসিল
ছবি: আইএমডিবি থেকে নেওয়া