ফিরেই আপ্লুত অভিনেতা পার্থ শেখ
আট মাস পর নতুন নাটক নিয়ে ফিরেছেন অভিনেতা পার্থ শেখ। ফিরেই প্রশংসায় ভাসছেন। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি সহকর্মীরাও তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর খবরাখবরই জানাচ্ছেন মনজুরুল আলম
নাটকটির নাম ‘অমর প্রেম’। এতে পার্থ শেখের সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী। পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। রোববার রাতে সিএমভিতে প্রচারের পরই নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেতা ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ফররুখ আহমেদ রেহান, পরিচালক ইমরাউল রাফাত, রাফাত মজুমদারসহ অনেক সহকর্মী পার্থের অভিনয় ও নাটকটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। সচরাচর এভাবে প্রশংসা নাট্যাঙ্গনে খুব একটা দেখা যায় না।
কী লিখলেন সহকর্মীরা
অভিনেতা তৌসিফ মাহবুব তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল। অভিনন্দন, ছোট ভাই! তোমার প্রাপ্য সকল সাফল্য, ভালোবাসা আর করতালির শুভকামনা রইল।’ আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘শুভকামনা পার্থ।’
পরিচালক ইমরাউল রাফাত পার্থকে লিখেছেন খোলাচিঠি, ‘পার্থ, ২০২২ সালে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, “ফিকশন করবা?” তখনো কিছুটা দ্বিধায় ছিলে। তবে এক বছর পর ফিকশনে অভিনয় শুরু করেছিলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমরা একসঙ্গে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছি, সেই যাত্রাও চলবে। বিরতির পর নতুন করে শুরুর জন্য তোমাকে শুভকামনা। দর্শক এবার তাদের প্রিয় চকলেট বয়কে নতুন এক দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবেন।’
আপ্লুত পার্থ শেখ
নাটকটি প্রচারের পর থেকেই সহকর্মীরা রাতের বিভিন্ন সময় শুভকামনা জানাতে থাকেন। সবাইকে ধন্যবাদ জানাতে প্রায় সারা রাত জেগে ছিলেন পার্থ। মজা করে জানালেন, ‘সবাই এত এত ভালোবাসা, ভালো লাগায় ঘুম আসছিল না। ভোরে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি আরও অনেক ভালোবাসা জমা হয়েছে।’ ক্যারিয়ারে আগে কখনো এমন ভালোবাসা পাননি। যে কারণে সহকর্মীর ভালোবাসা তাঁর ক্যারিয়ারে অমূল্য এক প্রাপ্তির যোগ করল। পার্থ প্রথম আলোকে বলেন, ‘আমাকে খুবই পছন্দ ও স্নেহ করেন তৌসিফ ও জোভান ভাই। ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাঁরা যখন আমার কোনো কাজ নিয়ে প্রশংসা করেন, সেটা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। নির্মাতা রাফাত ভাই, রিংকু ভাই, ফররুখসহ দর্শকদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবার এত ভালোবাসা আমাকে আপ্লুত করেছে।’
আর নয় বিরতি
গতানুগতিক কাজ আর না। তাই গত আট মাস নতুন কোনো নাটক আসেনি। কিছু নাটকের শুটিং করলেও ভালো কোনো কাজ দিয়ে ফিরতে চেয়েছিলেন। এটাই যেন ব্যাটে বলে মিলে গেল। তাঁর মতে, ‘এটাই ফেরার মতো ফেরা।’ কারণ, এই ফেরায় দর্শক, সহকর্মীদের ভালোবাসা রয়েছে। এখন নিয়মিত অভিনয় করে যেতে চান। ‘আমি আর বিরতি নিচ্ছি না। এখন নিয়মিত পর্দায় থাকব। সেভাবেই নাটকের শুটিং করা রয়েছে। সব সময় চেয়েছি অনেক গতানুগতিক কাজের চেয়ে সংখ্যায় কম ভালো কাজ করতে। সেই সুযোগের অপেক্ষায় থেকেছি। এখন ভালো ভালো গল্প আসছে। এটুকু বলব, সামনে দর্শক আরও ভালো গল্প পাবে।’
সহশিল্পী তটিনী
সহশিল্পী হিসেবে তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে পার্থকে খুব একটা দেখা যায় না। তাঁরাই এবার জুটি হয়ে আলোচনায় রয়েছেন। সহশিল্পী হিসেবে তটিনীকে নিয়ে পার্থ বলেন, ‘সে সব সময় সহায়তা করেছে। কীভাবে কাজটি ভালো করা যায়, সেটা নিয়ে প্রচুর ভাবে। আমরা দুজন কাজটি করতে গিয়ে অনেক সময় দিয়েছি। আমাদের বোঝাপড়াটা ভালো ছিল।’
প্রযোজনা প্রতিষ্ঠানের কাছেও কৃতজ্ঞতা জানালেন এই অভিনেতা। ‘কীভাবে ভালো কাজ করা যায়, সেই চেষ্টায় থাকেন (শাহেদ আলী) পাপ্পু ভাই। তাঁর চেষ্টায় কাজটি আরও ভালো হয়েছে।’
‘অমর প্রেম’ যৌথভাবে লিখেছেন শাহরিয়ার সজিব ও পরিচালক জাহিদুল ইসলাম। নাটকটি ইতিমধ্যে ৩৩ লাখ দর্শক দেখেছেন।