যেমন হতে পারত সেলিব্রিটি ক্রিকেট লিগ

সেলিব্রিটি ক্রিকেট লিগে পরিচালক চয়নিকা চৌধুরীর দলছবি : চয়নিকা চৌধুরীর ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান জিরো অ্যাকশন।...কাট। অ্যাকশন-কাট শব্দ থেকে বিরতি নিয়ে তারকাদের কেউ কয়েক দিন ব্যস্ত ছিলেন ক্রিকেট নিয়ে। ব্যাট-বল হাতে মাঠে প্র্যাকটিস করেছেন; ছিলেন পরিচালক, প্রযোজক, গানের মানুষ এবং চিত্রগ্রাহকসহ অন্য কলাকুশলীরাও। সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) নামের আয়োজন ঘিরে তাঁদের একত্র হওয়া। আয়োজনে এমন কাউকেও দেখা যায় যাঁরা অভিনয়ে নিয়মিত নন। নতুন-পুরোনো মিলে আনন্দ-উদ্‌যাপনে শামিল হন। গলাগলি, হাসি-আনন্দ, খাওয়াদাওয়া, আড্ডাবাজি, হইহুল্লোড়ে কাটছিল কয়েকটা দিন।

দেখা গেছে, মেহজাবীন বল করছেন আর আফরান নিশো সজোর ব্যাট চালাচ্ছেন। অনেকে বলেছেন, পরিচালক রায়হান রাফি দারুণ ক্রিকেট খেলেন। কখনো কখনো তারকাদের এমন ব্যাটিং দেখা গেছে, বল প্র্যাকটিস মাঠের সীমানার বাইরেও। কেউ কেউ এমনও বলেছেন, ও এত ভালো ক্রিকেট খেলে, তা এই খেলা না হলে জানতেনও না। সব মিলিয়ে সিসিএল ঘিরে দারুণ কিছু মুহূর্ত তৈরি হয়।

অভিনয়, গান আর পরিচালনায় ব্যস্ত বিনোদন অঙ্গনের সবাই। ব্যস্ততায় নানা ক্ষেত্রের তারকা ও কলাকুশলীদের নিয়মিত দেখা-সাক্ষাতের সুযোগ খুব একটা হয় না। ক্রিকেটের এই আয়োজন সে সুযোগ করে দিয়েছিল। একেক দলে নাটক, চলচ্চিত্র, গান, মডেলিংসহ বিভিন্ন অঙ্গনের তারকা-কলাকুশলীর সমন্বয় ঘটে। সবার সমন্বয়ে দল তৈরি হয়। আট দল নিয়ে একটা সময় মাঠে গড়ায় সিসিএল। এসব দলের নেতৃত্বে ছিলেন দেশের আটজন পরিচালক, যাঁরা স্বনামে প্রতিষ্ঠিত।

দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ
প্রথম আলো

অনেকে ভেবেছিলেন, সিসিএল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গনের তারকা, শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের মধ্যে হয়তো সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চমৎকার দৃষ্টান্ত স্থাপন হবে। বাড়বে আন্তরিকতা, যোগাযোগ ও বন্ধুত্ব। একে অন্যকে আরও ভালোভাবে জানতে ও চিনতে পারবে। খেলার সময় যত গড়ায় আশাবাদ যেন বাড়তে থাকে। খেলাকে ঘিরে মাঠে তারকার স্বামী-স্ত্রী এবং আত্মীয়দেরও দেখা গেছে। এদিকে টেলিভিশনেও তারকাদের ক্রিকেট খেলা ঘিরে আগ্রহ দেখা গেছে। বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য থেকেই মূলত তারকা ও কলাকুশলী নিয়ে আয়োজিত হয় সিসিএল। সোশ্যাল মিডিয়াতে তারকাদের ক্রিকেট খেলার বিভিন্ন মুহূর্তের ক্লিপিংসের মিলিয়ন মিলিয়ন ভিউয়ে অনুমান করতে সমস্যা হয় না, কতটা আগ্রহ ছিল এই খেলাকে ঘিরে। কিন্তু সেই আয়োজন শেষ পর্যন্ত নিজেদেরই উৎসাহ দিতে পারল না, নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির নজির গড়তে পারল না।

গত ২৮ সেপ্টেম্বর শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। ঠিকঠাক চলছিল। ২৯ সেপ্টেম্বর বিকেলে যেন সবার আগ্রহে কিছুটা ছেদ পড়ে। এরপর সেদিন রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলায় মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারকাদের মধ্যকার খেলায় একে অন্যের প্রতি তেড়ে আসার ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে আবার উত্তেজিত হয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। হাতাহাতি ও মারামারির ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সিসিএল লিগ স্থগিতের ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান।

সেলিব্রিটি ক্রিকেট লিগের মাঠে মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব ও জেফার রহমান
ছবি: প্রথম আলো

তারকা, পরিচালকসহ বিনোদন অঙ্গনের সবাই বলেছেন, সিসিএল হতে পারত সবার পুনর্মিলনী। অনেকে এমনটা বলেছিলেনও। শেষ পর্যন্ত তা আর হয়নি। দুই দফায় খেলা বন্ধ হয়ে যাওয়ায় নানা ধরনের সমালোচনা হচ্ছে। তারকাদের দিকেও আঙুল তোলা হচ্ছে। কেউ কেউ আবার এ–ও বলছেন, তারকাদের নিয়ে আয়োজন অথচ বড় সব তারকাই অনুপস্থিত!

১৮ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকালে আবার সিসিএল খেলা শুরু হয়। এ দিন রায়হান রাফির দল খেলতেই আসেনি। তবে তারকাদের অনেকে এদিন থাকলেও ছিলেন না অনেকেই। তারপরও দিনের বেলায় কয়েক দলের খেলা শেষে মধ্যরাতে আবার বন্ধ হয়ে যায়। ফাইনাল খেলা কবে হবে, সে ব্যাপারে কিছুই জানাননি আয়োজকেরা।
প্রশ্ন হচ্ছে আনন্দ-আয়োজনের এমন একটা উদ্যোগ দ্বন্দ্ব–কলহে কেন রূপ নিল? বেশির ভাগের একটাই মত, এককথায় আয়োজকদের প্রস্তুতির ঘাটতি ছিল। ছিল আয়োজন নিয়ে অবহেলা ও অজ্ঞতাও। খেলাকে কেন্দ্র করে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। শুধু কি আয়োজক, তারকারাও দায় এড়াতে পারেন না। খেলতে আসা তারকা এবং শিল্পী-কলাকুশলীদের মধ্যে সহনশীলতা, ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও অভাব ছিল। কেউ কেউ বলছেন, খেলোয়াড়দেরও খেয়াল রাখা উচিত ছিল তাঁদের কারণে যেন অন্য তারকাদের সম্মানহানি না ঘটে। এই অঙ্গনের সুনাম যেন নষ্ট না হয়।

সেলিব্রিটি ক্রিকেট লিগে অভিনয়শিল্পী আফরান নিশো ও চিত্রগ্রাহক সুমন সরকার
ছবি : প্রথম আলো

তারকাদের ক্রিকেট খেলার এই আয়োজন মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। মাঠে ছিল ড্রোনও। খেলার খবরের মতো তাই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও মুহূর্তেই ছড়িয়ে যায়। এর পেছনে কে বা কারা আছেন, তা সাধারণ মানুষের কাছে মোটেও ভাবনার বিষয় নয়। সাধারণ মানুষের আগ্রহে তারকারাই। তাই কিছু ঘটলে তাঁরাই আলোচনার লক্ষ্যবস্তু হবেন এটাই স্বাভাবিক—এসব তাঁদের ভাবা দরকার ছিল। তারকাদের আয়োজনে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, সেটার দায়ভার বেশির ভাগ ক্ষেত্রে তারকার দিকেই আসে।

প্রশ্ন এ–ও আসতে পারে, তারকারা তো রক্তে মাংসে মানুষ। তাঁদের ভুলত্রুটি হতেই পারে। তা হতেই পারে। কিন্তু সেটা বাড়তে না দিয়ে শিগগির যেন মিটিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। লোকচক্ষুর অন্তরালে এসবের সমাধান আয়োজক-তারকা সবার জন্যই স্বস্তি হতে পারত। শিল্পী, পরিচালক, প্রযোজকদের ওপর স্পটলাইট সব সময় বেশি থাকে। তাঁদের কাজের খবর যেমন দ্রুত ছড়ায়, তেমনি তাঁদের ঘিরে ঘটে যাওয়া অন্য রকম সব ঘটনাও ছড়িয়ে যেতে সময় লাগে না। তারকাদের নিয়ে যাঁরা এ ধরনের আয়োজন করে থাকেন, তাঁদেরও এ বিষয়ে আরও অভিজ্ঞতা থাকা দরকার। প্রশ্ন উঠেছে এ ধরনের খেলাকে ঘিরে ইতিবাচক ভাবনার পাশাপাশি নেতিবাচক কী কী ঘটতে পারে, আয়োজকেরা সে বিষয়ে নিজেদের মধ্যে বারবার আলোচনা করতে পারতেন। কেউ কেউ আবার এমনও বলছেন, খেলায় দলের সংখ্যাটাও বেশি হয়ে গেছে। প্রথমবারের এ আয়োজনে দল আটটি না রেখে চারটি রাখলে আরও অনেক ঝামেলা এড়ানো যেত।

সেলিব্রিটি ক্রিকেট লীগের সংবাদ সম্মেলন
ছবি : আয়োজকদের সৌজন্যে

সরেজমিনে মাঠে কয়েকজন তারকা, পরিচালক ও কলাকুশলীর সঙ্গে কথা বলে এটুকু বোঝা গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁরাও বিচলিত। খেলোয়াড়দের সবাইকে যেমন সহনশীল, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক হওয়াটা দরকার ছিল, তেমনি আয়োজকদের পরিকল্পনাও আরও সুসংগঠিত হতে পারত। দিন শেষে এমন আয়োজনের কারণে তারকাদের সম্মান নিয়ে প্রশ্ন উঠছে, তাই আগামীতে ভেবেচিন্তে কোনো আয়োজনে অংশ নেওয়া উচিত সবার।