চুলের যত্নে শর্মিলী আন্টির উপদেশ মেনে চলেন সারিকা

অভিনেত্রী সারিকা সাবাহ। ছবি: ফেসবুক থেকে

অভিনয়জগতে আসার একদমই ইচ্ছা ছিল না। টিভি পর্দায় বিজ্ঞাপন দেখে অভিনয় করতে ইচ্ছা জাগত। পরে পরিচিত একজনের মাধ্যমে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সেখান থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে ডাক পেয়েছিলেন। ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর নিয়মিত অভিনয় করে যাচ্ছেন সারিকা সাবাহ। আজ তাঁর জন্মদিন।

অভিনেত্রী সারিকা সাবাহ। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী হিসেবে সাবাহ মনে করেন, সবার আগে মনের সৌন্দর্য দরকার। এটা একজন অভিনেত্রীকে দায়িত্বশীল হতে সহায়তা করে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ভেতরে সৌন্দর্য যখন কেউ ফিল করবে তখনই সে সুন্দর মনের মানুষ হবে। এ জন্য সবার আগে নিজেকে ভালোবাসা প্রয়োজন। সবারই মানসিকতার যত্ন নেওয়া প্রয়োজন। নিজেকে ভালোবাসার ওপরে কিছু নাই। এটা সেলফিস টাইপের কিছু। এটা আমাকে অভিনয়েও সহায়তা করে।’

অভিনেত্রী সারিকা সাবাহ। ছবি: ফেসবুক থেকে

সারিকা প্রায়ই বলেন বাইরে বের হলে অনেকেই তাঁর চুলের প্রশংসা করে। তবে অভিনয় শুরুর আগে এই চুলের যত্নে আগে তেমন কিছুই করতেন না। কিন্তু নাটকের শুটিংয়ের পরে তিনি কিছুটা চুলের যত্ন নিতে শুরু করেন।

‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের মেকআপ রুমের ঘটনা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের নাটকে প্রয়াত শর্মিলী আন্টির সঙ্গে নিয়মিত আমার সেটে দেখা হতো। অনেক কথা হতো। তিনি আমাকে অনেক আদর করতেন। মেকআপ রুমে আমি যখন চুল স্টেট করতাম বা চুলের জন্য বাড়তি কিছু করতাম তখন তিনি বলতেন, “এই যে চুলে হিট দিচ্ছ, স্টেট করছ এখন তো বুঝবা না পরে বুঝবা।” আন্টি স্বাভাবিকভাবে চুলের যত্নের কথা বলেছিলেন। কথাগুলো এখনো আমার মনে আছে। শর্মিলী আন্টির কথা শোনার পর থেকে চুলের যত্নে বাড়তি কিছু করি না।’

আরও পড়ুন
অভিনেত্রী সারিকা সাবাহ। ছবি: ফেসবুক থেকে

তিনি ২০২৩ সালের দিকে হঠাৎ করেই নাটকে অভিনয়ে দুই বছরের বিরতি দিয়েছিলেন। গত বছর ফিরেছেন। এই বিরতি নিয়ে এর আগে সাবাহ প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘আমি যখন “ফ্যামিলি ক্রাইসিস” করেছি, তখন পরিবারনির্ভর গল্প খুব বেশি ছিল না। পরে সিঙ্গেল (একক) নাটক শুরু করে দেখলাম, একই ধরনের চরিত্র ও গল্পের প্রস্তাব পাচ্ছি। তখন মনে হলো, ভালো চরিত্র ও গল্প না পেলে কাজ করব না। পাশাপাশি নিজের গ্রুমিংয়েরও দরকার ছিল, অ্যাক্টিং (অভিনয়) নিয়ে আরও কাজ করার দরকার ছিল। ওজন বেড়ে যাচ্ছিল। সে কারণেই আসলে গ্যাপ (বিরতি) নিয়েছিলাম।’

অভিনয় নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা হলো, তিনি নিয়মিত অভিনয়টাই করে যেতে চান। সেটা যেকোনো মাধ্যমে হতে পারে; সিনেমা, সিরিজ কিংবা নাটক হতে পারে। সিনেমার ক্ষেত্রে কমার্শিয়াল ছবি করার ইচ্ছা নেই। বিকল্প ধারার ছবিগুলো তাকে বেশি টানে।

‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে শর্মিলী আহমেদসহ সহশিল্পীদের সঙ্গে সারিকা। ছবি: ফেসবুক থেকে