আবারও বাংলা ছবি করতে চান
মা হওয়ার পর গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সোহা আলী খান। তবে আবার কাজে ফিরছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল সোহা অভিনীত ওয়েব সিরিজ ‘কৌন বনেগি শিখরবাটি’। এবার তিনি আসছেন আমাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাস হাস’-এ। তনুজা চন্দ্রা পরিচালিত এই রহস্য–রোমাঞ্চধর্মী সিরিজে তাঁকে দেখা যাবে অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে।
প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে আলাপচারিতার শুরুতেই সোহা নিজের অভিনীত চরিত্রের কথা বলেছিলেন, ‘ছোটবেলায় গোয়েন্দা বা অনুসন্ধানী সাংবাদিক হতে চেয়েছিলাম। তখন দিল্লির বাড়িতে থাকতাম। বাড়ির মধ্যেই আমার গোয়েন্দাগিরি চলত। পাশের বাড়ির আন্টি কী করছেন, তা আমার নজরে থাকত।’
ক্যামেরা, অভিনয়, প্রচারণা—সবকিছু এখন দারুণ উপভোগ করছেন সোহা। কিন্তু মা হওয়ার পর সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন। এ প্রসঙ্গে সোহা বলেন, ‘ইনায়া আমার জীবনে আসার পর ওকে ঘিরেই আমার সবকিছু। এমনকি নিজেকেও আয়নায় দেখতাম না। সব সময় মনে হতো, আমি ছাড়া ইনায়ার কোনো কিছু ঠিকঠাক হবে না। আমার মতো করে কেউ খেয়াল রাখতে পারবে না। তবে এটা আমার মস্ত বড় ভুল ছিল। আর এটা বুঝে উঠতে দুই বছর লেগে গেল। এখন আমি খুবই খুশি। নিজের কাজ ও মাতৃত্ব সমানভাবে উপভোগ করছি। সিরিজটির প্রচারও করছি।’
তবে মেয়েকে রেখে শুটিং করায় নিয়ে অপরাধবোধে ভোগেন সোহা, ‘ইনায়াকে রেখে শুটিংয়ে যেতে এক অপরাধবোধ আমাকে কুরে কুরে খায়। তবে গেলে কুণাল (সোহার স্বামী অভিনেতা কুণাল খেমু) খেয়াল রাখে। ইনায়াকে দেখার জন্য লোকও আছে। বাড়ির সবাই আছে। তবে রাতে বিছানায় ইনায়ার আমাকে চাই।’
কথায় কথায় উঠে আসে সোহার স্বামী কুণালের কথাও। আলতো হেসে সোহা বলেন, ‘কুণালের মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি। সে আমাকে নানাভাবে সমর্থন করে। আমরা ভাগাভাগি করে কাজ করি। তবে এর কৃতিত্ব আমাকে দিতে হয়। কারণ, কুণালকে আমিই পছন্দ করেছি (সশব্দে হেসে)।’
এদিকে কুণাল অভিনয়ের পাশাপাশি পরিচালনায় আসতে চলেছেন। কুণালের পরিচালিত ছবিতে সোহা কাজ করছেন কি না, জানতে চাইলে বলেন, ‘না, আমি কাজ করছি না। তবে কুণাল তার ছবিতে আমাকে নেবে কি না, তা সে-ই ভালো বলতে পারবে। স্ত্রী হিসেবে আমি ওর কথা পাত্তা দিই না। তবে অভিনেত্রী হিসেবে কুণালের বাধ্য হব।’ কেবল পরিচালনা নয়, বলিউডের এই দম্পতি এবার প্রযোজনার দুনিয়াতেও পা রাখতে চলেছেন। আইনজীবী তথা রাজনীতিবিদ রাম জেঠমালানির আত্মজীবনীমূলক ছবি আনতে চলেছেন সোহা ও কুণাল।
হিন্দি ছাড়াও দুই বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে সোহাকে। এর মধ্যে একটির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ। আগামী দিনে তাঁকে বাংলা ছবিতে দেখা যাবে কি না, জবাবে তিনি বলেন, ‘বাংলায় বেশ কয়েকজন ভালো পরিচালক আছেন। তাঁরা ভালো ছবি করছেন। বাংলা ভাষার ওপর আমার দখল নেই। তবে বাংলায় নিশ্চয় কাজ করতে চাইব।’
‘হাস হাস’ গতকাল আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে। সিরিজটিতে সোহা ছাড়াও আছেন, জুহি চাওলা, আয়েশা জুলকা, কৃতিকা কামরা, কারিশ্মা তান্না, সাহানা গোস্বামী।