You Tube থেকে

বদলে যাচ্ছে গানের দুনিয়া। কনসার্ট, রেডিও-টিভি আর অডিও সিডিতেই নয়, শ্রোতাদের সঙ্গে তাল মিলিয়ে এখন ইউটিউব, সাউন্ডক্লাউড, ফেসবুকেও সরব আমাদের শিল্পীরা। অনলাইনে আলোচিত কিংবা ব্যতিক্রমী গানের খবর থাকছে এই বিভাগে।
মন ঘুমায়রে
স্টাইলিশ গায়ক হিসেবে হাবিব ওয়াহিদ বোধ হয় নিজের অবস্থানটা আরও পাকাপোক্ত করে ফেললেন। ইউটিউবে তাঁর নতুন গান ‘মন ঘুমায়রে’র মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে গত ১৫ আগস্ট। হাবিবের চুলের নতুন স্টাইলের জন্য হলেও, ভক্তরা নিশ্চয়ই মিউজিক ভিডিওটি দ্বিতীয়বার দেখবেন! কালো জ্যাকেট, কালো সানগ্লাসে তাঁকে বেশ অন্য রকম দেখাচ্ছে। গানটা কতখানি অন্য রকম হলো, সে বিচারও নিশ্চয়ই শ্রোতারা করবেন। স্টুডিও হোকাস ফোকাসের প্রযোজনায় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাবিল খান। গানটি এরই মধ্যে ইউটিউবে তিন লাখের বেশি শোনা হয়েছে। ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে হাবিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত, গানটা সবাই পছন্দ করেছেন।’
গানের লিঙ্ক: (https://www.youtube.com/watch?v=zGVypVCjjD4)
বাজি
মিউজিক ভিডিও হিসেবে নির্মাণের দিক থেকে নতুনত্ব তেমন কিছু নেই। সাদামাটা এডিটিং, গল্পটাও চলনসই। বেলাল খানের গাওয়া ‘বাজি’ গানটির মিউজিক ভিডিও তিন মাসেরও কম সময়ে কীভাবে ১০ লাখেরও বেশি ‘ভিউ’ পেয়ে গেল, সেটা একটা রহস্যই বলতে হবে! ‘বাজি’ গানটি শিল্পীর দ্বিতীয় অ্যালবাম আর একটি বার থেকে নেওয়া। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার হাজার। এর আগেও কিছু গান আপলোড করেছেন। তবে ‘বাজি’ নিয়েই সম্ভবত বাজি ধরতে পারেন বেলাল খান। মিউজিক ভিডিওটির পরিচালক তানভির শেহজাদ।
বেলাল খানের গাওয়া ‘বাজি’ দেখতে ও শুনতে পারেন এই লিঙ্ক থেকে: (https://www.youtube.com/watch?v=kZsEF8Pap1k>)