You Tube থেকে

ত্রিরত্ন
অ্যালবাম প্রকাশের ব্যাপারে সভ্যতার খানিকটা অনীহাই আছে বলতে হবে। নিজের ইউটিউব চ্যানেলে গান আপলোড করতেই বরং তিনি বেশি আগ্রহী। এর আগে নিজের গান ছাড়াও অন্যান্য গান কভার করে ইউটিউবে তুলেছেন। তবে ‘ত্রিরত্ন’ই বোধ হয় তাঁর কভারগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে’, কাজী নজরুল ইসলামের ‘দাও শৌর্য দাও ধৈর্য’ ও দ্বিজেন্দ্র লাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’—তিনটি গানের মেডলি গেয়েছেন সভ্যতা। সন্ধির সংগীতায়োজনে গানটিতে যন্ত্রানুষঙ্গ হিসেবে ব্যবহার হয়েছে স্রেফ গিটার ও শেকার। ভিডিওর বর্ণনায় সভ্যতা লিখেছেন, ‘বাংলা গানের এই তিন অতি প্রতিভাধর শিল্পীকে আমরা ত্রিরত্ন বলছি। এই গান তাঁদেরই স্মরণে ও সম্মানে...।’ এরই মধ্যে ত্রিরত্নের ভিউ অর্ধ লাখ ছাড়িয়েছে। গানের লিংক:
https://www.youtube.com/watch?v=btUe8Jvz9GU

আন্তনগর
ইনডালোর গান ‘আন্তনগর’ ইউটিউবে মুক্তি পেয়েছে ২৪ সেপ্টেম্বর। নিঃসন্দেহে মিউজিক ভিডিওটি তাঁদের প্রথম অ্যালবাম কখন কীভাবে এখানে কে জানের জন্য বড় বিজ্ঞাপন হতে পারে। এমন চমকপ্রদ এডিটিং আর ভিজ্যুয়াল ইফেক্টের কাজ সম্ভবত কোনো বাংলা গানের মিউজিক ভিডিওতে এর আগে হয়নি। বোঝা যাচ্ছে, নতুন ব্যান্ডের সঙ্গে জন পুরো জোশ নিয়েই ফিরেছেন। ঘুরেফিরে একই রকম নির্মাণের মিউজিক ভিডিও দেখে যাঁরা ক্লান্ত, ‘আন্তনগর’ তাঁদের জন্য ‘মাস্ট ওয়াচ’ হতে পারে। ভিডিওটি নির্মাণ করেছেন রবিউল আলম। গত মে মাসে অ্যালবামটির প্রমো ইউটিউবে তুলেছিল ইনডালো। জন-ভক্তদের অপেক্ষা শুরু হয়েছিল তখন থেকেই। কখন কীভাবে এখানে কে জানের বাকি চমকগুলোর স্বাদ নিতে নিশ্চয়ই তাঁরা অ্যালবামটি সংগ্রহ করবেন।
‘আন্তনগর’-এর ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=d56cnl3RM_0&hd=1