জলরঙে কোমল প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফা মনোয়ারের একটি চিত্রকর্ম
মুস্তাফা মনোয়ারের একটি চিত্রকর্ম

সাদা দেয়ালে ঝুলছিল মুস্তাফা মনোয়ারের আঁকা ছবি। ছবির আকাশে পেজা তুলোর মতো অনেক মেঘ। নিচে সোনাঝরা ধানখেত। আর কাশফুলগুলোতে খেলছে বাতাস। ছবি দেখে ভরা গ্রীষ্মেও মনে পড়বে শরতের গান—‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।’
প্রদর্শনীতে বীরেন সোমের ছবিটি দেখলে নাগরিক মানুষের মনে আসবে ছেলেবেলার গ্রামটির কথা। অনেকটা স্বপ্নের মতোই, কিছু স্পষ্ট, কিছু ঝাপসা। অলকেশ ঘোষের ছবিটিতে হয়তো সে গ্রামেরই পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটিকে দেখা যায়, মাথার ওপরে সেখানে এক চিলতে সন্ধ্যা।
সমসাময়িক ৩০ জন শিল্পীর ছবি নিয়ে গ্যালারি কসমস নিয়ে এল মাসব্যাপী চিত্র প্রদর্শনী। প্রদর্শনী হচ্ছে গুলশানে, সেখানে খোলা হয়েছে গ্যালারিটির নতুন শাখা। এটি তার প্রথম আয়োজন, শিরোনাম ‘সফট.রিফ্লেকশনস’। নামেই আভাস পাওয়া যাচ্ছে, সব ছবি কাগজের ওপর জলরঙে আঁকা, মূর্ত-বিমূর্ত ৫৫টি কোমল প্রতিচ্ছবি।
প্রদর্শনী শুরু হয়েছে ১৫ মে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
জায়গাটা আসলে একের মধ্যে দুই। রেস্টুরেন্ট মোজ্জারিয়া-সিয়াম আর গ্যালারি কসমস এখানে মিলেমিশে একাকার। রেস্টুরেন্টের দেয়ালগুলো জুড়ে এ প্রদর্শনী। তবে প্রদর্শনী দেখতে সেখানে খেতেই হবে এমন কথা নেই।
অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, ফরিদা জামান, আনিসুজ্জামান, নাজিয়া আন্দালিব, আবদুল গফুর, আফরোজা জামিল, আলপ্তগীন তুষার, অনুকূল চন্দ্র মজুমদার, আজমীর হোসেন, বিপ্লব দাস, বিশ্বজিৎ গোস্বামী, গোলাম ফারুক, কামরুজ্জোহা, কামালউদ্দিন, মিন্টু দে, প্রাণ রায়, রাশেদুল হুদা, রুহুল আমিন তারেক, শাহনেওয়াজ কাকলি, শাহানূর মামুন, শ্যামল বিশ্বাস, সোহাগ পারভেজ, সুলেখা চৌধুরী, সোহেল প্রাণন, সৌরভ চৌধুরী, সুলতানা পুতুল ও তানিয়া সুলতানা।
এই শিল্পীরা গত মার্চে অংশ নিয়েছিলেন ‘এক্সপেরিমেন্ট উইথ সফট রিফ্লেকশনস’ আর্ট ক্যাম্পে। দুই দিনব্যাপী আর্ট ক্যাম্পটি আয়োজন করেছিল গ্যালারি কসমস। বীরেন সোম পরিচালনা করেছিলেন। এসব ছবি সেখান থেকেই আসা।