abc আজকের আয়োজন
মেনটস বাত্তি জ্বালাও
রাত ১১টা থেকে ১টা
গুড মর্নিং বাংলাদেশ
সকাল ৮টা থেকে
বেলা ১১টা
‘ভুবন মাঝি’র ব্যতিক্রমী আয়োজন
বিনোদন প্রতিবেদক
কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে ঘুরছিলেন দুই বন্ধু। নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে হঠাৎ দেখলেন, বন্দুক তুলে তেড়ে আসছে ভারতীয় সীমান্তরক্ষীরা। যেন এক্ষুনি গুলি ছুড়বে। প্রাণভয়ে দুই বন্ধু ছুটতে থাকেন বাংলাদেশের সীমান্তের দিকে, যেখানে উড়ছিল লাল-সবুজ পতাকা। গুলিবিদ্ধ হয়েও যদি পতাকার কাছে পৌঁছানো যায়, তবু লোকে জানবে, তাঁরা বাংলাদেশের নাগরিক। গল্পটি বলছিলেন ভুবন মাঝি ছবির পরিচালক ফাখরুল আরেফিন। বলছিলেন, ‘তখন মনে হচ্ছিল, একটি পতাকা কতটা নির্ভরতার আশ্রয় হতে পারে।’
‘আমার পতাকা, আমার বাংলাদেশ’ নামে এক প্রচারণা শুরু করেছে ভুবন মাঝি ছবির দল। এতে অভিনেতা ও কলাকুশলীরা জানিয়েছেন কবে তাঁদের প্রথম মনে হয়েছিল এই পতাকা তাঁদের। ভারতীয় অভিনেতা পরমব্রত সেখানে বলেছেন, ‘পারিবারিকভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি জানি। কিন্তু ছবির চিত্রায়ণের সময় যখন পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো, তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানেটা আবারও নতুন করে বুঝতে পারি।’ প্রচারণার ওই ভিডিওতে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ, নওশাবা, মাজনুন মিজান ও ভারতীয় শিল্পী কালিকা প্রসাদ। এই প্রচারণায় অংশ নিতে পারবেন দর্শকেরা। প্রথম কবে মনে হয়েছিল ‘এই পতাকা তোমার, এই দেশ তোমার’, সেটা জানাতে এক মিনিটের ভিডিও বা দেড় শ শব্দের লেখা ছবির ফেসবুক পাতায় পোস্ট করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। নির্বাচক প্যানেলের মনোনয়ন পাওয়া ব্যক্তিরা ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখার সুযোগ পাবেন ভুবন মাঝি ছবির দলের সঙ্গে।
ফাখরুল আরেফিন বলেন, ‘সিনেমাকে সিনেমার বাইরে বের করে আনতে আমাদের এই আয়োজন। আমরা চাই মুক্তিযুদ্ধ তরুণদের নতুন করে স্পর্শ করুক। সামনে এ রকম আরও প্রচারণা চালাব আমরা।’ তিনি জানান, ভুবন মাঝি ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছাড়পত্র পেলে আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির গল্প শুরু হয়েছে ১৯৭০ সাল থেকে, শেষ হয়েছে ২০১৩ সালে। সরকারি অনুদানে নির্মিত এই ছবির বড় একটি অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ।
বড়দিনে সন্তানদের সঙ্গে ৪ ঘণ্টা...
বিনোদন ডেস্ক
গত বড়দিনেও থাইল্যান্ডের ফুকেটে বিশাল বাংলো ভাড়া করে বড়দিন উদ্যাপন করেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতি। এখন সেই সংসার ভেঙেছে। তাতে উৎসব উদ্যাপন তো আর থেকে থাকবে না। স্বল্প পরিসরে হলেও সন্তানদের নিয়ে বড়দিন পালন করবেন জোলি ও পিট। তবে একসঙ্গে নয়। পিট তাঁর সন্তানদের সঙ্গে বড়দিন উদ্যাপনের জন্য সময় পাবেন চার ঘণ্টা। এই চার ঘণ্টার মধ্যে তাদের উপহারও দিতে পারবেন তিনি।
জোলির দিক থেকে সবুজ সংকেত পেয়েছেন পিটের আইনজীবীরা। জোলি ও পিটের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, গত মাসে থ্যাংকসগিভিং উৎসবের সময় সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি ব্র্যাড পিট। কারণ, জোলি সে সময় অনুমতি দেননি। এ নিয়ে বেশ কষ্ট পেয়েছিলেন পিট। তবে এবার জোলির দিক থেকে সবুজ সংকেত পাওয়ায় পিট আনন্দিত। তাই সাক্ষাতের চার ঘণ্টা কীভাবে উদ্যাপন করবেন, এ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি অনেক আগে থেকেই।
তবে সন্তানদের সাক্ষাৎ পাওয়ার জন্য পিটকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। শুরুতেই তাঁকে রাগ নিয়ন্ত্রণের জন্য কাউন্সেলরের শরণাপন্ন হতে হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তাঁকে শারীরিক পরীক্ষা করাতে হবে। সাক্ষাতের আগে যদি তাঁর শরীরে কোনো ধরনের মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়, তাহলে বড়দিনেও দেখা হবে না সন্তানদের সঙ্গে। আইএএনএস।
কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব উদ্যাপিত
অমর সাহা,কলকাতা
কলকাতা মাতিয়ে গেলেন বাংলাদেশের শিল্পীরা। ১৫ ডিসেম্বর থেকে কলকাতায় উদ্যাপিত হয়েছে বাংলাদেশের বিজয় উৎসব। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই উৎসব শেষ হয়েছে গতকাল সোমবার রাতে।
এবারের বিজয় উৎসবে যোগ দিতে কলকাতায় উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের একঝাঁক শিল্পী। পাঁচ দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁরা যোগ দিয়েছিলেন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উৎসব উদ্বোধন করেছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
উৎসবে এবার এসেছিলেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, সাদি মহম্মদ, লিলি ইসলাম, ইয়াকুব আলী খান, এস আই টুটুল, গানের দল ফিডব্যাকসহ কুষ্টিয়ার সুফি–সংগীতের দল ভাবনগর। উৎসবে প্রদর্শিত হয়েছে সুবচন নাট্যসংসদের নাটক মহাজনের নাও।
এ ছাড়া বাংলাদেশের নাচের দল নৃত্যাঞ্চলও তাদের পরিবেশনা দিয়ে কলকাতাবাসীকে মাতিয়ে দেয়। এর নেতৃত্ব দেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। উৎসবে আরও যোগ দেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। উৎসবে দেখানো হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র এবং তথ্যচিত্র। বিজয় উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পণ্যের এক মেলা।
শিল্পী ও কলাকুশলীদের ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি
বিনোদন প্রতিবেদক
লাল ইটের দীপ্ত টিভি ভবনের বিভিন্ন তলার কয়েকটি জানালা খোলা। সেই জানালা ও ভবনের ছাদে উৎসুক মুখ। সবার দৃষ্টি ভবনের মূল ফটকের সামনে। ততক্ষণে ভবনের সামনে দাঁড়িয়ে গেছেন টেলিভিশন নাটকের সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরা। তাঁদের পেছনে ও মূল ফটকের মাঝামাঝিতে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই তাঁদের এই অবস্থান। আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল, বাংলায় ডাবিং করা বিদেশি ধারাবাহিক বন্ধের দাবিতে ১৯ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন দীপ্ত টিভির সামনে দাঁড়াবে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এফটিপিওর আহ্বায়ক ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু চ্যানেল আমাদের দাবির পক্ষে সমর্থন জানিয়ে বিদেশি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই চ্যানেলেরও শুভ বুদ্ধির উদয় হোক।’
অবস্থান কর্মসূচির সময় শিল্পী ও কলাকুশলীদের হাতে ছিল বিদেশি ধারাবাহিক বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। পরে ‘দেশি শিল্প ও সংস্কৃতি রক্ষার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারের পেছনে দাঁড়িয়ে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কেউ কেউ দীপ্ত টিভি বন্ধেরও দাবি জানান। দুপুর ১২টা নাগাদ শেষ হয় অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়ে অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেন, ‘শুধু দীপ্ত নয়, সব চ্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের সব অনুষ্ঠান প্রচার করুক—এই প্রত্যাশা করি।’
বিদেশি ধারাবাহিক বন্ধসহ বেশ কিছু দাবিতে গত নভেম্বর থেকে আন্দোলন করছে এফটিপিও।
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস নিয়ে আরেকটি সিনেমা
বিনোদন ডেস্ক
নতুন সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা মোরশেদুল ইসলাম। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে এই সিনেমার নাম আঁখি ও তার বন্ধুরা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার ঘোষণা উপলক্ষে আজ মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকার একটি ক্লাবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্যসচিব মরতুজা আহমদ। মনন চলচ্চিত্রের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার নির্বাহী প্রযোজক মুনিরা মোরশেদ মুন্নী। এর আগেও এই নির্মাতা মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৈরি করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে দীপু নাম্বার টু ছবিটি তো এখনো অনেকের প্রিয় ছবি হয়ে আছে।
প্রিয়াঙ্কার জন্য নাচবেন পরিণীতি
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা এ বছর বলিউডের চেয়ে হলিউডেই বেশি সময় দিয়েছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-এর দ্বিতীয় মৌসুমের শুটিং। হলিউডের ছবি বেওয়াচ-এর কাজও শেষ। ঘরের মেয়ে এবার ঘরে ফিরে এসেছেন। আর দেশে ফিরেই তিনি পাচ্ছেন বিশেষ এক চমক—চাচাতো বোন পরিণীতি তাঁকে সম্মান জানিয়ে একটি অনুষ্ঠানে নাচবেন।
পরিণীতি মনে করেন, প্রিয়াঙ্কার গুণের ১০ শতাংশ তাঁর নিজের মধ্যে পেলেও দারুণ হতো। একট টুইটে তিনি লিখেছেন, ‘জীবনেও এত নার্ভাস হইনি। আমার বোন ও সেরা স্টেজ পারফর্মার প্রিয়াঙ্কাকে মঞ্চে সম্মান জানাব। তবে তাঁকে অনুকরণ করার চেষ্টা করছি না; কারণ আমি তাঁর ধারেকাছেও যেতে পারব না।’
তবে মঞ্চে পরিণীতি তাঁর চাচাতো বোন প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে যে পরিবেশনাটি তৈরি করবেন, সেটি কেমন হবে, তা তিনি খোলাসা করেননি।
পরিণীতি চোপড়াকে আগামী বছর দেখা যাবে মেরি পেয়ারি বিন্দু ছবিতে আয়ুষ্মান খুড়ানার বিপরীতে। আর প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি বেওয়াচ মুক্তি পাবে মে মাসে।
উল্লেখ্য, সম্প্রতি আইএমডিবিএর জরিপ অনুসারে জনপ্রিয়তার দৌড়ে হলিউডের জেনিফার অ্যানিস্টন, এমা ওয়াটসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, জনি ডেপ, স্কারলেট জোহানসনের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
দ্য ইন্টারনেট মুভি ডেটাবেইস, সংক্ষেপে আইএমডিবিএর জরিপ অনুযায়ী পৃথিবীর জনপ্রিয় তারকাদের তালিকায় ৫৫ নম্বরে আছেন প্রিয়াঙ্কা। আইএমডিবিএ একটি জনপ্রিয় অনলাইন ডেটাবেইস সাইট। এখানে চলচ্চিত্র, টিভি সিরিয়াল, ভিডিও গেম-সম্পর্কিত সব তথ্য পাওয়া যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
চলচ্চিত্র নিয়ে পড়তে ভিনদেশে আরিক
বিনোদন প্রতিবেদক
‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করার। এবার সেই সুযোগটা হলো। আগামী মাসেই পড়াশোনা করতে দেশ ছাড়ছি।’ বলছিলেন তরুণ অভিনেতা আরিক আনাম খান। গত শনিবার রাতে লন্ডনে পড়তে যাওয়ার ব্যাপারে এক স্ট্যাটাস দেন তিনি। এরই সূত্র ধরে কথা হয় তাঁর সঙ্গে। বলেন, ‘আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে লন্ডন ফিল্ম স্কুলে ভর্তি চূড়ান্ত হয়েছে। আগামী দুই বছরের জন্য সেখানে মাস্টার্সে ভর্তি হয়েছি।’
আরিক আনাম খান জানান, ভর্তির ব্যাপারে আবেদন করার পাশাপাশি এত দিনের নাটক ও চলচ্চিত্রসংক্রান্ত বিভিন্ন কাজ জমা দিতে হয়েছে। তারপর ভর্তির ব্যাপারটি চূড়ান্ত করেছে দ্য লন্ডন ফিল্ম স্কুল। আগামী ৩ জানুয়ারি লন্ডন যাচ্ছেন আরিক।
আরিক প্রায় আট বছর ধরে বাবা তারিক আনাম খানের নাটকের দল নাট্যকেন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকটি প্রযোজনায় অভিনয় করেছেন। এ ছাড়া টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করেন তিনি। পড়াশোনা শেষে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হবেন বলেই জানান তিনি।
abc আজকের আয়োজন
মেনটস বাত্তি জ্বালাও
রাত ১১টা থেকে ১টা
গুড মর্নিং বাংলাদেশ
সকাল ৮টা থেকে
বেলা ১১টা