চঞ্চল খান । রবীন্দ্রসংগীতশিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গবেষণাও করেন। তৈরি করেছেন তথ্যচিত্র। নাম টাইমলেস গীতাঞ্জলি। কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে। আজ তিনি গান করবেন মাছরাঙা টিভিতে। অনুষ্ঠানের নাম ‘তোমায় গান শোনাব’।

‘তোমায় গান শোনাব’...
আমি তো দেশে এবং দেশের বাইরে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে গান গেয়েছি, তবে মাছরাঙা টিভির ‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে আজ প্রথম গান করব। নিজের মতো করে প্রস্তুতি নিয়েছি। গীতবিতান-এ নানা পর্যায়ের গান রয়েছে। কিন্তু আমি গানগুলোর মধ্যে কোনো ভেদাভেদ করতে চাই না। আমার কাছে, সবগুলোই প্রেমের গান; কোনোটি সৃষ্টিকর্তার প্রতি প্রেম, কোনোটি মানবপ্রেম আবার কোনোটি প্রকৃতির প্রতি প্রেম।
তথ্যচিত্র ‘টাইমলেস গীতাঞ্জলি’...
তথ্যচিত্রটি তৈরি করতে আমার প্রায় এক বছর সময় লেগেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে, ভারতের কলকাতা আর শান্তিনিকেতনে এবং যুক্তরাজ্যের লন্ডনে। আছে গীতাঞ্জলির গান, আবৃত্তি, বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার। এই যেমন আনিসুজ্জামান, হায়াৎ মামুদ, করুণাময় গোস্বামী, শামসুজ্জামান খান, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ভাষ্য পাঠ করেছি আমি আর ডালিয়া আহমেদ। তথ্যচিত্রটি তৈরিতে আমাকে সহযোগিতা করেছেন হাসিনা আহমেদ। পৃষ্ঠপোষকতা করেছে ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন।
তথ্যচিত্রটি তৈরির উদ্দেশ্য...
আমি এখানে বিনোদনের চেয়েও শিক্ষামূলক দিকটিতে বেশি গুরুত্ব দিয়েছি। আমি চাই, সবাই এটা দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাতে কী আছে, এটা সবার জানা উচিত।