আলোচিত ‘অবসেশন’, ওটিটিতে আরও যা দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথু পেরি’
ধরন: তথ্যচিত্র
স্ট্রমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
হলিউড অভিনেতা ম্যাথু পেরির জীবন ও সংগ্রাম নিয়ে তিন পর্বের তথ্যচিত্র। তুলে ধরা হয়েছে ফ্রেন্ডস তারকার অভিনয়জীবন, খ্যাতির আড়ালের ব্যক্তিগত লড়াই এবং মাদকাসক্তি থেকে মুক্তির চেষ্টা। পরিচালনা করেছেনএমি পুরস্কারজয়ী নির্মাতা মেরি রবার্টসন। এতে কথা বলেছেন ম্যাথুর ছোট বোন মিয়া পেরি বোউইক, দীর্ঘদিনের বন্ধু এবং তাঁর সঙ্গে কাজ করা ব্যক্তিরা। সিরিজটিতে আরও রয়েছে পেরি পরিবারের ব্যক্তিগত সংগ্রহে থাকা আগে প্রকাশ না করা ছবি ও ভিডিও। পর্দায় তাঁর রসবোধ ও হাস্যরস দর্শকদের আনন্দ দিলেও বাস্তব জীবনে দীর্ঘদিন মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন এই অভিনেতা। ২০২৩ সালের অক্টোবরে ৫৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
‘অ্যাপোক্যালিপস জেড: নিউ ওয়ার্ল্ড’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৩০ অক্টেবার
জম্বি ও মহামারির আতঙ্কে বিপর্যস্ত পৃথিবী, চারদিকে সংক্রমিত মানুষের দল—এর মধ্যেই বেঁচে থাকার নতুন লড়াই নিয়ে স্প্যানিশ সিনেমা। এটি ২০২৪ সালের অ্যাপোক্যালিপস জেড: দ্য বিগিনিং অব দ্য এন্ড-এর পরবর্তী কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন কার্লেস তোরেন্স। অভিনয় করেছেন কার্লোস আলকাইদে, হুলিয়া মার্তিনেস, মনিকা লোপেস, তামারা কাসেয়াস।
‘নকটার্ন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ৩০ অক্টোবর
ফিলাডেলফিয়ার ব্যস্ত ও অপরাধপ্রবণ জীবন ছেড়ে পেনসিলভানিয়ার ছোট একটা শহরে শান্তিতে থাকতে চেয়েছিলেন এক গোয়েন্দা। কিন্তু সেখানে তাঁর পরিবার ও শহরকে ঘিরে শুরু হয় ভয়ংকর এক আতঙ্ক। সেই আতঙ্কের কেন্দ্রে দুর্ধর্ষ সিরিয়াল কিলার। এমন গল্প নিয়ে আসছে নতুন ক্রাইম থ্রিলার সিরিজ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিভ শ্রাইবার। এ ছাড়া আছেন জাজি বিটজ ও স্টিফেন গ্রাহাম। সুইডিশ লেখক জুটি লার্স কেপলারের দ্য স্যান্ডম্যান ও লাজারাস-এর ওপর ভিত্তি করে নির্মিত সিরিজটির চিত্রনাট্যকার ও শোরানার জন হ্লাভিন। ১০ পর্বের সিরিজটির প্রথম পর্ব আসবে আজ, বাকিগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
‘অবসেশন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
কাউকে খুব পছন্দ করেন, কিন্তু বলতে পারছেন না। এমন সময় পেয়ে গেলেন অদ্ভুত এক ইচ্ছাপূরণের সুযোগ, বিশেষভাবে চাইলেই পছন্দের মানুষটি আপনাকে ভালোবাসতে শুরু করবে! চেনা এই সহজ গল্পের সিনেমা নিয়েই চলতি বছর দুনিয়াজুড়ে হুলুস্থুল। বক্স অফিসে ঝড় তুলে এবার আসছে ওটিটিতে। ক্যারি বার্কার পরিচালতি এই সিনেমায় অভিনয় করেছেন মাইকেল জনস্টন, ইন্ডে নাভারেটে, কুপার টমলিনসন, মেগান ললেস।
‘ইমমর্টাল’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ৩০ অক্টোবর
প্রথম দেখায় প্রেম, স্বপ্নের মতো একটি বাসা আর রহস্যময় এক নারী। সবকিছুই যেন এক তরুণের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু সেই সম্পর্কের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর এক অতিপ্রাকৃত রহস্য। প্রেম আর ভয়ের মিশেলে নির্মিত তামিল সিনেমাটি আসছে ওটিটিতে।
জি ভি প্রকাশ কুমার ও কায়াদু লোহর অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মারিয়াপ্পান চিন্না।