পাকিস্তানি গায়কের কণ্ঠে নিজের গানে ক্ষুব্ধ লতা

লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর

‘চলতে চলতে ইউহি কোয়ি মিল গ্যায়া থা/ সারে রাহ্ চলতে চলতে/ ওহি থমকে রেহ্ গায়ি হ্যায়/ মেরি রাত ঢলতে ঢলতে’—‘পাকিজা’ ছবিতে বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া খুব জনপ্রিয় গান। ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি। এত বছর পর গানটির রিমিক্স ভার্সন গেয়েছেন পাকিস্তানের এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। হিন্দি জনপ্রিয় হওয়া গানের রিমিক্স কখনোই মেনে নিতে পারেননি লতা মঙ্গেশকর। নানা সময় এই রিমিক্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার আবারও তিনি ক্ষুব্ধ। কারণ, নিজের গাওয়া তো বটেই, এমনকি তাঁর খুব প্রিয় একটি গান ‘চলতে চলতে’ রিমিক্সের নামে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা জানার পর কষ্ট পেয়েছেন। এমন একটি সুন্দর গান কেন এভাবে গাওয়া হলো? এত সুন্দর গানগুলোকেই কেন নষ্ট করতে হবে?

আতিফ আসলাম
আতিফ আসলাম

‘চলতে চলতে’ গানটির যে রিমিক্স ভার্সন বেরিয়েছে, তা লতা মঙ্গেশকর জানতে পেরেছেন পরিচিতজনদের কাছ থেকে। নিজের খুব প্রিয় একটি গান এভাবে শোনার ব্যাপারে কোনো আগ্রহ হয়নি তাঁর। কেউ কেউ তাঁর কাছে নতুন গানটির শিল্পী আতিফ আসলামের ব্যাপারেও বলেছেন। কিন্তু এতটাই বিরক্ত হয়েছেন, যে আতিফ আসলামের ব্যাপারে আর একটি কথাও শুনতে চাননি। ‘পাকিজা’ শব্দের অর্থ ‘খাঁটি’। তাঁর মতে, ‘খাঁটিকে ওরা ভেজাল করে দিয়েছে।’

লতা মঙ্গেশকর বলেছেন, ‘শুনেছি রিমিক্স ভার্সনে গানের কথাও বদলে দেওয়া হয়। এই অনুমতি কে তাঁদের দিয়েছে? সুরকার আর গীতিকারদের সৃজনশীলতা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।’

‘পাকিজা’ ছবিতে ‘চলতে চলতে’ গানের দৃশ্য
‘পাকিজা’ ছবিতে ‘চলতে চলতে’ গানের দৃশ্য

‘পাকিজা’ ছবির ‘চলতে চলতে’ গানের কথা লিখেছেন ভারতের প্রখ্যাত উর্দু ভাষার কবি কাইফি আজমি, সুর ও সংগীত পরিচালনা করেছেন গোলাম মোহাম্মদ। এবার গানটির রিমিক্স ভার্সন ব্যবহার করা হয়েছে বলিউডের নতুন ছবি ‘মিত্রোঁ’তে। আগের সঙ্গে কিছু মিল রেখে গানটির কথা নতুন করে লিখেছেন, সুর ও সংগীত আয়োজন করেছেন তনিস্ক বাগচি। আতিফ আসলামের গাওয়া ‘চলতে চলতে’ গানটি গত ২৬ আগস্ট ইউটিউবে অবমুক্ত করা হয়। মূল গানটি এ পর্যন্ত ইউটিউবে প্রায় ৭০ লাখবার দেখা হয়েছে, আর ১০ দিনে আতিফ আসলামের গাওয়া গানটির রিমিক্স ভার্সন দেখা হয়েছে ৭৮ হাজারবার। নতুন গানটিতে লাইক পড়েছে ১৬ হাজার, এর মধ্যে সবাই তরুণ।

এদিকে বলিউডের ছবির গানে পাকিস্তানি শিল্পীদের গুরুত্ব দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক চেয়ারম্যান পেহলাজ নিহালনি। তিনি বলেন, ‘গানের জন্য বলিউডকে কেন পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে?’

‘পাকিজা’ ছবির পরিচালক কমল অমরোহি। ছবিতে অভিনয় করেছেন মীনা কুমারী, রাজকুমার, অশোক কুমার, নাদিরা, বীণা প্রমুখ। আর ‘মিত্রোঁ’ ছবির পরিচালক নিতিন কাক্কর। এই ছবিতে অভিনয় করছেন জ্যাকি ভাগনানি, কৃতিকা কমরা, প্রতীক গান্ধী প্রমুখ।

‘মিত্রোঁ’ ছবিতে ‘চলতে চলতে’ গানের দৃশ্য
‘মিত্রোঁ’ ছবিতে ‘চলতে চলতে’ গানের দৃশ্য

শুধু লতা মঙ্গেশকর নন, জনপ্রিয় গানের রিমিক্স করা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন অন্য শিল্পীরাও। ভারতের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ও লোকসভায় বিজেপি দলের সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘আতিফ আসলামকে সম্মান জানিয়ে বলছি, একজন গায়ক হিসেবে এ ব্যাপারে মন্তব্য করার চেয়ে এর প্রতিবাদে দুই মিনিট নীরবতা পালন করব।’

সঞ্জয় কাপুর ও সুস্মিতা সেন অভিনীত ‘সির্ফ তুম’ ছবিতে অলকা ইয়াগনিক গেয়েছিলেন ‘দিলবর দিলবর’ গানটি। গানের গীতিকার সমীর আর সুর ও সংগীত পরিচালনা করেন নাদিম-শ্রাবণ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালের ১৬ জুলাই। ওই সময় গানটি খুব জনপ্রিয় হয়। ইউটিউবে গানটি দেখা হয়েছে ৩ কোটি ৮৩ লাখবার। এবার ‘সত্যমেভ জয়তে’ ছবিতে গানটির রিমিক্স ভার্সন ব্যবহার করা হয়েছে। গেয়েছেন নেহা কাক্কর, ধ্বনি ভানুসালি ও ইক্কা। ছবিটি মুক্তি পেয়েছে গত ১৫ আগস্ট। গানটির নতুন সংগীতায়োজন করেছেন তনিস্ক বাগচি। ইউটিউবে গানটি এসেছে গত ৯ জুলাই। এর মধ্যে গানটি দেখা হয়েছে ২০ কোটি ৭৫ লাখবার।

‘সত্যমেভ জয়তে’ ছবিতে ‘দিলবর’ গানের দৃশ্যে নোরা ফতেহি
‘সত্যমেভ জয়তে’ ছবিতে ‘দিলবর’ গানের দৃশ্যে নোরা ফতেহি

‘দিলবর দিলবর’ গানের রিমিক্স ভার্সন শোনার পর ভারতীয় সংবাদমাধ্যমে অলকা ইয়াগনিক মন্তব্য করেছেন, ‘তাঁদের নতুন কোনো গান তৈরির যোগ্যতা নেই? একটা সুপারহিট গানকে বিকৃত করে গান তৈরির মধ্যে কী বাহাদুরি! এরপর আবার বলছেন, গানটি কত জনপ্রিয় হয়েছে!’ যাঁরা রিমিক্সের নামে পুরোনো জনপ্রিয় হওয়া গান ভেঙে অন্য কিছু বানাচ্ছেন, তাঁদের ব্যাপারে অলকা ইয়াগনিক বলেন, ‘নতুনদের ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলেছে। এখন তাঁরা লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীর গান নিয়েও এমনটা করার সাহস পাচ্ছেন!’