গিনোর জন্মদিনে আপ্লুত প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস দম্পতি জনপ্রিয়, সন্দেহ নেই। কিন্তু তাঁদের পোষ্য গিনো, পান্ডা ও ডায়ানাও কম যায় না। ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে! তাদের জন্মদিনও পালন করা হয়। এই তো, গত মঙ্গলবার পালিত হলো গিনোর জন্মদিন। তবে এ সময় তাদের কাছে থাকতে পারেননি এই দম্পতি। তাতে কী! জন্মদিন উদ্‌যাপনে কোনো সমস্যা হয়নি। দূরে থেকেই জন্মদিনের সব আয়োজন করে রেখেছিলেন তাঁরা। প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই আয়োজনেরই ছবি ও ভিডিও দেখা গেল।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

গিনোর জন্মদিনে অনেক পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা। প্রথম পোস্টে ছিল একটি ভিডিও। সেখানে দেখা গেল, মেঝেতে বসা গিনো। গলায় লাল–কালোর মিশেলে চিকার্ড বো। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে মিস করছি সোনা। দ্বিতীয় জন্মদিনের শুভেচ্ছা।’

প্রিয়াঙ্কা চোপড়া

পরের স্টোরিতে প্রিয়াঙ্কা গিনোর জন্মদিনের কেকের একটি ক্লোজআপ ছবি দিয়েছেন। কেকটি দেখতে দারুণ। কেকের চারপাশে কুকুরের খাওয়ার জন্য বিস্কুট এবং একটি হাড্ডিসদৃশ বড় খাবার।

প্রিয়াঙ্কা চোপড়া

শেষের স্টোরিতে দুই পোষ্য গিনো ও পান্ডা। পাশেই তাদের জন্মদিনের উপহার।

জন্মদিনে যে তাদের পাশে ছিলেন না ‘মা–বাবা’ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, গিনোর ইনস্টাগ্রাম পোস্টেও তার প্রমাণ পাওয়া গেল। সেখানে গিনো ও পান্ডার একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমার জন্মদিনের পার্টি। তোমাদের মিস করছি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।’

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের তিন পোষ্যের প্রত্যেকেরই আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখানে নিয়মিত পোস্টও দেওয়া হয়। গিনোর একটি ইনস্টাগ্রাম পোস্টে নিক ও প্রিয়াঙ্কার সঙ্গে তাদের তিন পোষ্যের ছবির ক্যাপশনে লেখা, ‘আমি আমার পরিবারকে ভালোবাসি।’

বড় ভাইয়ের জন্মদিনে পোস্ট দিয়েছে পান্ডাও। তাঁর ইনস্টাগ্রামে গিনো ও তার একটি ছবি দেখা গেল। ক্যাপশনে লেখা, ‘বড় ভাই সব সময়ই পাদপ্রদীপের আলোয় থাকে। দ্বিতীয় জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাই।’

প্রিয়াঙ্কা চোপড়া