প্রস্তুত পাঞ্জাবি কনে
আর মাত্র দুই দিন। এরপর ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে যাবেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। হবু শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে ইতিমধ্যে ক্যাটের দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে। এমনকি বিয়ের আগে থেকেই শাশুড়ির মন জুগিয়ে চলছেন অভিনেত্রী। যেমন শাশুড়ির পরামর্শ মেনে বিয়ের রাতে তিনি পাঞ্জাবি কনে সাজবেন।
আগামীকাল বৃহস্পতিবার ভারতের রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে বসছে ভিকি–ক্যাটের বিয়ের আসর। কয়েক বছর ধরে এই যুগলের প্রেমের গুঞ্জনে মুখর ছিল বলিউড। এই দীর্ঘ সময়ে ক্যাটরিনা শুধু ভিকিই নন, কৌশল পরিবারের কাছের মানুষ হয়ে উঠেছেন। শ্বশুর শ্যাম কৌশল, দেবর সানি কৌশলের সঙ্গেও তাঁর দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। শাশুড়ি বীণা ও হবু বধূ ক্যাটরিনা দুজন দুজনকে কেবল পছন্দই করেন না, নিজেদের মতের প্রতি পরস্পরের সম্মানও রয়েছে।
বীণার ইচ্ছা ছিল, পুত্রবধূকে বিয়ের দিন পাঞ্জাবি কনের সাজে দেখবেন। শাশুড়ির ইচ্ছা পূরণ করছেন ক্যাট। জানা গেছে, ক্যাটরিনাকে পাঞ্জাবি কনের বেশ কিছু সাজ দেখিয়েছিলেন হবু বর ভিকি কৌশলের মা। সেগুলোর মধ্যে থেকে একটি নির্বাচন করতে বলেছিলেন তাঁকে। সব কটি সাজ দেখেবুঝে নিজের জন্য একটি সাজ চূড়ান্ত করেছেন এই বলিউড তারকা। বিয়ের দিন তিনি পরবেন খ্যাতিমান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল রঙের লেহেঙ্গা। শোনা যাচ্ছে, প্রথমে পাঞ্জাবি রীতিতে হবে ভিকি–ক্যাটের বিয়ে। তারপর হবে ‘হোয়াইট ওয়েডিং’। এ সময় ক্যাটকে দেখা যাবে সাদা গাউনে। বিয়ের আসরও সাজানো হবে সাদা রঙের ফুল ও নানা রকম জিনিসের শুভ্র সাজে।
শোনা যাচ্ছে, বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ব আন্তর্জাতিক একটি ম্যাগাজিনের কাছে বিক্রি করে দিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। তবে ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের মাত্র দুটি ছবি শেয়ার করবেন তাঁরা।