৩০ বছরে দাঁড়িয়ে নতুন শুরুতে রানী

রানী মুখার্জি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বলিউডে টানা তিন দশক টিকে থাকা সহজ নয়। নায়িকাদের জন্য তো আরও কঠিন। সময়ের সঙ্গে বদলে যাওয়া এই ইন্ডাস্ট্রিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক রানী মুখার্জি। আজ মুক্তি পাচ্ছে রানী অভিনীত নতুন ছবি ‘মর্দানি ৩’। শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি।

নতুন ছবি ও অভিনয়জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে করণ জোহরের সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় নিজের যাত্রাপথের নানা অধ্যায়ের গল্প শোনালেন বাঙালি কন্যা। কথায় কথায় ওঠে সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, ব্যক্তিগত জীবন এবং না-বলা অনেক গল্প। এই আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে শেষে—রানী ও আদিত্য চোপড়ার কন্যা আদিরার লেখা একটি চিঠি পড়ে শোনানো হয়। মেয়ের লেখা সেই চিঠি শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত এই আড্ডায় উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন বিনোদন সাংবাদিক। এখানে কেক কেটে উদ্‌যাপন করা হয় রানীর অভিনয়জীবনের তিন দশক। ১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বড় পর্দায় পা রাখার স্মৃতি মনে করে রানী বলেন, ‘আজও পেছনে তাকালে মনে হয়, তখন ঠিক বুঝতেই পারিনি আমি কী করছি। শুধু মায়ের কথা শুনে কাজটা করেছিলাম, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল।’

রানী মুখার্জি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

রানী জানান, ক্যারিয়ারের শুরুতেই ইন্ডাস্ট্রির কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের বিশ্বাস তাঁর পথচলাকে সহজ করে দেয়। রানীর ভাষ্যে, ‘আদি, করণ, শাহরুখ খান, আমির খান—তাঁদের ভালোবাসা আর বিশ্বাস আমার জন্য অমূল্য ছিল। তাঁরা হয়তো ভেবেছিলেন, আমি তাঁদের ছবির জন্য উপযোগী।’ ‘কুছ কুছ হোতা হ্যায়’ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান করণ জোহর। টিনা চরিত্রে রানীকে কাস্ট করার প্রস্তাবটি তাঁর ভবিষ্যৎ স্বামী আদিত্য চোপড়ার কাছ থেকেই এসেছিল। সে সিদ্ধান্তই রানীর ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

আড্ডায় নিজের অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজের কথা বলতে গিয়ে ‘ব্ল্যাক’কে তিনি আখ্যা দেন ‘লাইভ অ্যাক্টিং স্কুল’ হিসেবে। বলেন, ‘সঞ্জয় লীলা বানসালির নির্দেশনায় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত আমাকে অভিনেত্রী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।’ সাথিয়া ছবির বাস্তব লোকেশন ও সিঙ্ক সাউন্ড তাঁকে বাস্তবধর্মী অভিনয়ে সহায়তা করেছে বলেও জানান রানী।

আরও পড়ুন

এদিন ব্যক্তিগত জীবনের কথাও শোনান রানী। স্বামী আদিত্য চোপড়া প্রসঙ্গে বলেন, ‘ওর সরলতাই আমাকে সবচেয়ে বেশি টানে। ও খুব সহজ ও বিনয়ী মানুষ। আমাদের সম্পর্কের শক্তিটাও এখানেই।’ রানী-আদিত্যর গোপন বিয়ের স্মৃতিচারণা করেন করণ জোহর। জানান, মাত্র ১৮ জন অতিথি নিয়ে সেই বিয়ে হয়েছিল। করণ বলেন, ‘আদি আমাকে বলেছিল, বিয়ের খবর ফাঁস হলে দায়টা শুধু আমার।’ হেসে যোগ করেন, ‘তখন আমি ভীষণ টেনশনে ছিলাম। সবাইকে বলেছিলাম, আমি ম্যানচেস্টার যাচ্ছি।’
আড্ডার শেষে রানী বলেন, ‘এটা আমার পুনর্জন্ম। ৩০ বছর পর আরও ৩০ বছর কাটাতে চাই। মনে হচ্ছে, ‘মর্দানি ৩’-ই আমার প্রথম ছবি।’ রানীর এ মন্তব্যে বুঝতে বাকি নেই, তিন দশক পার করেও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মুখার্জিবাড়ির মেয়েটি!

‘মর্দানি ৩’ সিনেমার পোস্টারে রানী। আইএমডিবি