তারকা নেই, মাত্র ২ কোটির ছবি ৫০ কোটির পথে

‘হনুমান অংশ’-এ নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যাফেসবুক থেকে

ভারতের আধ্যাত্মিক গুরু নীম করোলিকে ঘিরে তৈরি ছবি ‘হনুমান অংশ’ বক্স অফিসে রীতিমতো চমক দেখাচ্ছে। মাত্র ২ কোটি রুপি বাজেটে তৈরি ছবিটি মুক্তির ২৫ দিন পরেও দর্শক টানছে। এরই মধ্যে ছবিটির আয় ৪৬ কোটি রুপিতে পৌঁছে গেছে। ফলে বাজেটের তুলনায় কয়েক গুণ বেশি আয় করে ছবিটি এখন বক্স অফিসে সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। শুরুতে অবশ্য ছবিটির ব্যবসা খুব একটা ভালো ছিল না। মুক্তির প্রথম দিনে ছবিটির আয় হয়েছিল মাত্র ১০ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ১ কোটি ৮ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় আরও কমে গিয়ে দাঁড়ায় মাত্র ৪০ লাখ রুপিতে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, বক্স অফিসে ছবিটির যাত্রা হয়তো এখানেই শেষ।

কিন্তু তৃতীয় সপ্তাহে ছবির ব্যবসায় আসে বড় পরিবর্তন। ‘হনুমান অংশ’ মুক্তির তৃতীয় সপ্তাহে আয় করে ১০ কোটি ৪০ লাখ রুপি। চতুর্থ সপ্তাহেও ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। চতুর্থ সপ্তাহের রোববার ছবিটির আয় ছিল ১২ কোটি ৭৫ লাখ রুপি। গত সোমবার মুক্তির ২৫তম দিনেও ছবিটির আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় ৪৫ কোটি ৯২ লাখ রুপি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতে ছবিটির মোট আয় ইতিমধ্যেই ৫০ কোটি রুপির ঘর পেরিয়ে গেছে। ছবিটির গ্রস আয় প্রায় ৫৩ কোটি ৪৩ লাখ রুপি। আর নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি ২৮ লাখ রুপিতে। মাত্র ২ কোটি রুপি বাজেটের ছবির জন্য এই আয় নিঃসন্দেহে বড় সাফল্য।

নীম করোলি ভক্তদের কাছে মহারাজ জি নামে খ্যাত। তাঁর জীবন এবং আদর্শকে ঘিরে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। ‘হনুমান অংশ’-এ নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি।
ছবিটির সাফল্যের পেছনে বড় কোনো তারকা বা জাঁকজমকপূর্ণ প্রচার নেই। বরং ভিন্নভাবে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন নির্মাতারা। বিভিন্ন জায়গায় ভাণ্ডারার আয়োজন করা হয় এবং নীম করোলি বাবার জীবন ও দর্শনের কথা মানুষের কাছে তুলে ধরা হয়। ধীরে ধীরে ছবিটি নিয়ে মুখে মুখে প্রচার বাড়তে থাকে। সেই প্রচারই শেষ পর্যন্ত ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনে।

‘হনুমান অংশ’ –এর পোস্টার থেকে

মুক্তির প্রথম দিকে যে ছবিকে ঘিরে তেমন প্রত্যাশা ছিল না, সেটিই এখন বক্স অফিসে একের পর এক নজির তৈরি করছে। মাত্র ২ কোটি রুপির বাজেটে তৈরি ‘হনুমান অংশ’-এর প্রায় ৫০ কোটি রুপির কাছাকাছি আয় এখন বলিউডে আলোচনার বিষয় হয়ে উঠেছে।