বলিউডও বারবার প্রভাবিত হয়েছে রবীন্দ্রনাথে

বিশ্বসাহিত্যের এক অনন্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় একক প্রতিভায় তিনি বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে। মৃত্যুর সাত দশক পার হয়েও যেন মৃত্যুহীন অনন্ত জীবনের স্বাক্ষর বয়ে চলেছেন আজও। নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো দীপ্তিমান, যেন তিনি আমাদের জীবনে প্রবাদের মতো বেশি করে ঢুকে পড়েছেন।

নিজের সব অনুভূতি প্রকাশের জন্য বাঙালি বারবার দ্বারস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। শুধু কি বাঙালি, সারা ভারতবর্ষ, এমনকি দূর দেশেও প্রভাব ফেলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উপমহাদেশসহ সারা পৃথিবীতে যুগের পর যুগ প্রভাব খাটানো বলিউড দুনিয়াও বারবার প্রভাবিত হয়েছে রবীন্দ্রনাথে। তাঁর গানে, গল্পে। সাদাকালো যুগ থেকে শুরু করে রঙিন, এখনো রবীন্দ্রনাথ প্রভাব ফেলছেন বলিউডে। শুধু কি তা-ই, পশ্চিম বাংলার আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে প্রথম চলচ্চিত্র তৈরি হয় বলিউডে।

ছোট গল্প ‘সমাপ্তি’র ওপর ভিত্তি করে ‘উপহার’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। ছবিটিতে মৃণ্ময়ী চরিত্রে অভিনয় করেন জয়া ভাদুড়ি

সেই ১৯২৭ সালের কথা। ‘বলিদান’ গল্প নিয়ে নির্মিত হয় ‘বলিদান’। চলচ্চিত্রটি ছিল নির্বাক। নাভাল গান্ধীর পরিচালনায় চলচ্চিত্রটি বলিউডে প্রথম রবীন্দ্রনাথের স্বাক্ষর। সেই ছবির তেমন তথ্য পাওয়া যায়নি। ১৯২৭ সালের পর দীর্ঘ বিরতি। ১৯৪৬ সালে আবারও রবীন্দ্রনাথ আসেন বলিউডে। ‘নৌকাডুবি’ উপন্যাস অবলম্বনে নিতিন বোস নির্মাণ করেন ‘মিলন’ ছবিটি। অভিনয় করেন দিলীপ কুমার, পাহাড়ি সান্যাল, মিরা মিশ্র। সেই সময় অন্যতম ব্যবসাসফল ছবি ছিল এটি। তখন ছবিটি ২৫ লাখ রুপি আয় করেছিল।

১৯৬১ সালে জনপ্রিয় গল্প ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রের রূপ পায় বলিউডে

দারুণ আলোচিত ছিল ‘কাবুলিওয়ালা’
১৫ বছর পর ১৯৬১ সালে জনপ্রিয় ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রে রূপ পায়। যদিও এর আগেই ১৯৫৭ সালে বাংলা ভাষায় নির্মিত হয়েছিল। হেমেন গুপ্তের পরিচালনায় ও বিমল রায়ের প্রযোজনায় সিনেমার অন্যতম আকর্ষণ ছিলেন বলরাজ সাহনি। সংগীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী।
‘সমাপ্তি’ অবলম্বনে ‘উপহার’
‘কাবুলিওয়ালা’র ১০ বছর পর ১৯৭১ সালে নির্মাণ করা হয় ‘উপহার’। ছোটগল্প ‘সমাপ্তি’র ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হয়। ছবিতে ‘মৃণ্ময়ী’ চরিত্রে অভিনয় করেন জয়া ভাদুড়ি। বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ৪৫তম অস্কারের জন্য ভারত থেকে ছবিটি নির্বাচন করা হয়। ছবিটি পরিচালনা করেন সুধেন্দু রায়। তাঁর আদিবাস ছিল বাংলাদেশের পাবনায়।

‘ক্ষুধিত পাষাণ’ গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয় ‘লেকিন’

‘ক্ষুধিত পাষাণ’ অবলম্বনে ‘লেকিন’
বলা হয়, রবীন্দ্রনাথের আশ্রয়ে হিন্দিতে নির্মিত ‘লেকিন’ চলচ্চিত্রটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। ছোটগল্প ‘ক্ষুধিত পাষাণ’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘লেকিন’ ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেন বিনোদ খান্না ও ডিম্পল কাবাডিয়া। আরও ছিলেন আমজাদ খান, হেমা মালিনী, মুনমুন সেনের মতো পরিচিত তারকারা। চলচ্চিত্রটির গানগুলো ওই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

‘পোস্টমাস্টার’ অবলম্বনে ‘ইগো-দ্যাট ডিফারস’
২০১০ সালে নির্মিত হয় ‘ইগো-দ্যাট ডিফারস’ ছবিটি। কাহিনি ছিল ছোটগল্প ‘পোস্টমাস্টার’-এর ওপর ভিত্তি করে। ছবির পরিচালক ও চিত্রনাট্যকার ছিলেন এ আর সরকার।

২০১০ সালে নির্মিত হয় ‘ইগো-দ্যাট ডিফারস’ ছবিটি

আজ বাইশে শ্রাবণ। কবির প্রয়াণতিথি। রবীন্দ্রনাথ বাঙালি ব্যক্তিমননে আবদ্ধ থাকেন, বিশেষ করে আবদ্ধ থাকেন এই দিনে। তাঁকে স্মরণ করে ইউটিউব বা সাধ্যমতো অন্য কোনো মাধ্যমে বলিউডে রবীন্দ্রনাথের প্রভাব দেখে নিতে পারেন।