লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন
লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেছে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। একটি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় তাঁর পাশে ছিলেন ওই তরুণী। পরে নেটিজেনরা তাঁকে ডেনমার্কের গায়িকা-গীতিকার ভিনি তাকাইর বলে শনাক্ত করেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে আবারও আরিয়ান খানের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট, কালো ট্রাউজার ও সাদা স্নিকার্স পরে ক্যাসিনো থেকে বের হচ্ছেন আরিয়ান। তাঁর পাশেই ছিলেন ভিনি, তিনিও পুরো কালো পোশাকে ছিলেন। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার সময় এক ভক্তের সঙ্গে সেলফিও তোলেন আরিয়ান। এরপর দুজন একটি গাড়িতে উঠে চলে যান।
ঘটনার পরপরই ভিনি ইনস্টাগ্রামে লন্ডন সফরের কয়েকটি ছবি প্রকাশ করেন। এরপরই নেটিজেনরা তাঁর পোস্টের সঙ্গে ভাইরাল ভিডিওর যোগসূত্র খুঁজতে শুরু করেন। জানা গেছে, আরিয়ান ও ভিনি ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করেন এবং তাঁদের পরিচিত বন্ধুদের পরিধিও অনেকটাই মিল রয়েছে।
ভিনি তাকাইর একজন ডেনিশ গায়িকা ও গীতিকার। ডেনমার্কে জন্ম হলেও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে কোপেনহেগেন ও মুম্বাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। তিনি একাধিকবার মুম্বাইয়ে লাইভ পারফর্মও করেছেন।
তবে আরিয়ান খান কিংবা ভিনি তাকাইর—কেউই এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গেও আরিয়ানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল।
পিংকভিলা অবলম্বনে