জহিরের সঙ্গে সোনাক্ষীর প্রেমের কথা জেনে গিয়েছিলেন সালমান, এরপর...
দীর্ঘ সময় প্রেমের পর ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। এখন হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবেই দেখা হয় তাঁদের। সম্পর্কের শুরুতে বিষয়টি কাউকে তাঁরা না জানালেও ঠিকই বুঝে গিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঞ্চালনায় ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এ কথা জানান এই দম্পতি।
সালমান খানের আয়োজিত এক পার্টিতেই প্রথম পরিচয় হয়েছিল সোনাক্ষী ও জহিরের। ২০১৭ সালে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। কেউ না জানলেও সালমান জেনে যান বিষয়টি। জহির ইকবাল বলেন, ‘আমরা বলার আগেই সালমান ভাই সব বুঝে গিয়েছিলেন। তিনি আমাদের একসঙ্গে দেখেছিলেন।’
সোনাক্ষী জানান, সালমান যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন, তখনই তাঁরা বলতেন, ‘এমন কিছু নয়।’ কিন্তু সালমান তাঁদের কথা বিশ্বাস করেননি।
এ অনুষ্ঠানে অভিনেত্রী আরও জানান, একদিন সালমান মজা করে তাঁকে বলেছিলেন, ‘একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে, আর ও (জহির) কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।’
এ কথা শুনে সোনাক্ষী-জহির দুজনই অবাক হয়ে যান। কারণ, সালমান তখনই তাঁদের সম্পর্কের বিষয়টি পুরোপুরি বুঝে ফেলেছিলেন।
সোনাক্ষী আরও জানান, একটি ট্রেকিং ভ্রমণের সময় সালমান জহিরের কাছে গিয়ে শুধু বলেছিলেন, ‘সবই দেখছি।’ তখনই তাঁরা বুঝে যান, সম্পর্কটি আর গোপন রাখা সম্ভব নয়।
কয়েক বছর সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন সোনাক্ষী-জহির। ২০২৪ সালের জুনে মুম্বাইয়ে সোনাক্ষীর বাসভবনে বিশেষ বিবাহ আইনে নিবন্ধনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্যাপন করেন এই দম্পতি।
এনডিটিভি অবলম্বনে