দিনে ১৮টি ওষুধ খেতেন! ‘ডাবল ডেট’–এ এসে অভিনেতা জানালেন, বিচ্ছেদের কথাও ভেবেছিলেন
ভারতের টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিন্স নারুলা জানিয়েছেন, জীবনের এক কঠিন সময়ে তীব্র উদ্বেগ তাঁকে এমনভাবে গ্রাস করেছিল যে প্রতিদিন ১৮টি ওষুধ খেতে হতো। সেই সময় শারীরিক ও মানসিক নানা সমস্যার পাশাপাশি স্ত্রী যুবিকা চৌধুরীর সঙ্গে সম্পর্কও কঠিন পরীক্ষার মুখে পড়ে।
‘ডাবল ডেট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স বলেন, একসময় উদ্বেগ তাঁর পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল।
‘একটা সময় ছিল, যখন আমাকে দিনে ১৮টা ট্যাবলেট খেতে হতো। হৃৎকম্পন, রাতে ভয় পেয়ে ঘুম ভেঙে যাওয়া, ওজন বেড়ে যাওয়া—এ রকম অনেক শারীরিক সমস্যা ছিল। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল সেটা,’ বলেন প্রিন্স।
প্রিন্স জানান, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে সংগীত তাঁকে অনেক সাহায্য করেছে। তাঁর ভাষ্যে, ‘সংগীত আমাকে অনেক শান্তি দিয়েছে। যখন খুব খারাপ সময়ের মধ্যে ছিলাম, তখন সেটাই আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।’
প্রিন্স আরও বলেন, পুরো সময়ে স্ত্রী যুবিকা চৌধুরী তাঁর সবচেয়ে বড় ভরসা ছিলেন। তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন সময়েও যুবিকা আমার পাশে ছিল।’
বিচ্ছেদের কথাও ভেবেছিলেন
সাক্ষাৎকারে প্রিন্স তাঁদের দাম্পত্য জীবনের কঠিন সময় নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, তখন দুজনেই মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাঁরা আলাদা হওয়ার কথাও ভেবেছিলেন।
প্রিন্স বলেন, ‘যুবিকার কোনো দোষ ছিল না, আমারও না। আমরা দুজনেই তখন মানসিকভাবে ভালো অবস্থায় ছিলাম না।’
সন্তান আসার পর বদলে গেছে জীবন
প্রিন্সের ভাষায়, মা–বাবা হওয়ার পর তাঁদের জীবন ও সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে গেছে। তিনি বলেন, ‘সন্তান হওয়ার পর জীবন পুরো বদলে গেছে। এখন আমাদের মধ্যে ঝগড়া হয় না বললেই চলে। আর যদি কখনো হয়ও, মেয়ের দিকে একবার তাকালেই সব মিটে যায়।’
‘ডাবল ডেট’ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি।
প্রিন্স নারুলা ভারতের রিয়েলিটি শোর অন্যতম সফল প্রতিযোগী। তিনি ‘এমটিভি রোডিজ ১২’, ‘এমটিভি স্প্লিটসভিলা ৮’, ‘বিগ বস ৯’ ও ‘নাচ বালিয়ে ৯’–এর বিজয়ী। অভিনয়ও করেছেন ‘বাধো বহু’ ও ‘নাগিন ৩’–এর মতো ধারাবাহিকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে