অন্যকে ধোঁকা দিয়ে নিজের উন্নতির কথা ভাববেন না: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় সিনেমা এবং হলিউড—দুই জগতে নিজের স্থান করে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, খ্যাতি মানেই শেষ লাইন নয়। তাঁর আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’-এ তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির সহপ্রযোজকও তিনি। তাঁর অভিনীত চরিত্রটিতে উঠে এসেছে সাহস এবং মাতৃত্বের চ্যালেঞ্জ। ছবির প্রচারে দেওয়া সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী।

আত্মবিশ্বাস বনাম প্রহসন
প্রিয়াঙ্কা বলেন, ‘যদি আপনি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে উৎসাহ দেন, সেটি পুরোপুরি স্বাভাবিক ও মানবিক। আমরা সবাই এটা করি। এটা আসলে আত্মবিশ্বাস বাড়ায়, আপনি সেভাবে নিজেকে পরিচালিত করতে পারেন।’
প্রিয়াঙ্কা স্পষ্ট করে বলেন, গুরুত্বপূর্ণ হলো নিজেকে উৎসাহিত করা, অন্যকে ধোঁকা দেওয়া নয়। ‘যেকোনো সাফল্য, যদি অন্যকে ভুলভাবে দেখানোর মাধ্যমে আসে, তা স্থায়ী হয় না। অন্যকে ধোঁকা দিয়ে নিজের উন্নতির কথা ভাববেন না,’ বলেন প্রিয়াঙ্কা।

বলিউড-হলিউডের মধ্যে ভারসাম্য
দুই শক্তিশালী চলচ্চিত্রশিল্পের মধ্যে কাজ করার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব। প্রিয়াঙ্কা মনে করেন, ‘তারকাখ্যাতি কখনো কখনো চূড়ান্ত লক্ষ্য মনে হয়। এটা ঠিক নয়। এ ভাবনা সহজেই আপনাকে শেষ করে দিতে পারে। আসল কথা হলো নিজের কাজকে ভালোবাসা।’

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তিনি প্রতিটি প্রজেক্টের প্রতি সমান মনোযোগী ছিলেন—ছোট কাজ হোক বা বড় কাজ, ধারাবাহিকতা বজায় রেখে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ‘আপনি যদি নিজের সেরাটা দিতে থাকেন, তাহলে দেখবেন, বাকি সবকিছু এমনিতেই ঠিক হয়ে যায়,’ বলে তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দৃঢ়তা ও মাতৃত্বের সংমিশ্রণ
‘দ্য ব্লাফ’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, লড়াইয়ের মধ্যে থাকা চরিত্রটি শান্তভাবে তার সন্তানের দিকে তাকিয়ে বলে, ‘ঠিক আছি।’ এই দৃঢ়তা ও কোমলতার সমন্বয়ই প্রিয়াঙ্কার ব্যক্তিত্বেও প্রতিফলিত।
প্রিয়াঙ্কা বলেন, ‘মেয়েদের জন্য নিজেকে শক্তিশালী করে তোলা গুরুত্বপূর্ণ। আমাদের নিজস্ব কণ্ঠ খুঁজে বের করা, আত্মবিশ্বাস তৈরি করা এবং ছোটবেলা থেকেই সেগুলো শক্তিশালী করা প্রয়োজন।’

আরও পড়ুন

তাঁর বাবা প্রিয়াঙ্কাকে সব সময় বলতেন, ‘বাড়িতে সবার চেয়ে শক্তিশালী করে নিজেকে তৈরি করো। কেউ যা–ই বলুক না কেন, ভয় পাবে না।’ এই দৃষ্টিভঙ্গি আজও তাঁর কাজে ফুটে ওঠে।

‘দ্য ব্লাফ’ সিনেমার পোস্টার। এক্স থেকে

নতুন অভিজ্ঞতা, নতুন দিগন্ত
‘দ্য ব্লাফ’-এ প্রিয়াঙ্কা কেবল অভিনয় করেননি, ছবিটি সহপ্রযোজনা করেছেন রুশো ব্রাদার্সের সঙ্গে, যা হলিউডে তাঁর প্রথম প্রযোজনা। ছবিটি ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে সরাসরি মুক্তি পাবে। এ প্রকল্পের মাধ্যমে প্রিয়াঙ্কা প্রমাণ করেছেন, সাহসী হতে হলে শুধু শক্তি দেখানোই যথেষ্ট নয়; সত্যনিষ্ঠা, স্বতঃস্ফূর্ততা এবং নিজের ভেতরের শক্তিকে চেনা আরও জরুরি। ‘আপনি যদি নিজেকে বিশ্বাস করেন এবং নিজের সততা বজায় রাখেন, তখন জীবন নিজেই সমাধান বের করে দেয়,’ বলেন তিনি।

ইন্ডিয়া টুডে অবলম্বনে